যুক্তরাষ্ট্র থেকে এলো ৬২ হাজার টন গমবোঝাই জাহাজ
ছবি: সংগৃহীত
১০:১৬ পিএম | ২৮ মার্চ, ২০২৬
যুক্তরাষ্ট্র থেকে দ্বিতীয় ধাপে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম নিয়ে ‘এমভি উবন নারী’ জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে। শুক্রবার (২৭ মার্চ) সাড়ে ১২টার দিকে জাহাজটি চট্টগ্রাম বন্দর এলাকায় এসে পৌঁছায়।
চট্টগ্রাম খাদ্য বিভাগ সূত্র জানায়, সরকার টু সরকারের (জিটুজি) আওতায় যুক্তরাষ্ট্র থেকে কেনা ৬২ হাজার মেট্রিক টনের বেশি গমবাহী জাহাজটি কুতুবদিয়া চ্যানেলে পৌঁছে। এরপরই অধিদপ্তরের প্রতিনিধি, মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি ও আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকসহ কর্মকর্তাদের উপস্থিতিতে জাহাজ থেকে আমদানি করা গমের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। নমুনা সংক্রান্ত প্রতিবেদন ‘খাওয়ার উপযোগী’ পাওয়া গেলে শনিবার থেকে খালাস প্রক্রিয়া শুরু হওয়ার কথা।
এদিকে খালাস প্রক্রিয়ার অংশ হিসেবে কাস্টমসের কাগজপত্র প্রস্তুত করা হয়েছে। এর আগে প্রথম শিপমেন্টের মাধ্যমে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন গম দেশে পৌঁছায়। এসব গম সাইলোসহ বিভিন্ন গুদামে ইতোমধ্যে পাঠানো হয়েছে। আমদানি করা ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গমের মধ্যে ৩৭ হাজার ২৯০ মেট্রিক টন গম চট্টগ্রামে এবং অবশিষ্ট ২৪ হাজার ৮৬০ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে।
জিটুজি-১ মোতাবেক ২ লাখ ৩৭ হাজার ৮৪৫ মেট্রিক টন এবং জিটুজি-২ মোতাবেক ২ লাখ ৩০ হাজার ৩৯ মেট্রিক টন গম দেশে এসেছে। দেশে মোট গমের চাহিদা প্রায় ৭০ লাখ মেট্রিক টন। দেশে উৎপাদন হয় প্রায় ১০ লাখ মেট্রিক টন। চাহিদা পূরণের জন্য সরকারি বেসরকারি পর্যায়ে অবশিষ্ট গম বিদেশ থেকে আমদানি করা হয়।
চট্টগ্রামের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক মো. সাকিব রেজওয়ান যুগান্তরকে জানান, ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম নিয়ে ‘এমভি উবন নারী’ জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে। ইতোমধ্যে গমের নমুনাও সংগ্রহ করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর খালাস প্রক্রিয়া শুরু হবে।
টিজে/টিএ