© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফুটবল বিশ্বকাপ- ২০২৬ / শেষ ধাপে টিকিট বিক্রির সময় ঘোষণা করলো ফিফা

শেয়ার করুন:
শেষ ধাপে টিকিট বিক্রির সময় ঘোষণা করলো ফিফা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৪ পিএম | ২৮ মার্চ, ২০২৬
বিশ্বকাপের শেষ ধাপে টিকিট বিক্রির সময় ঘোষণা করেছে ফিফা। এই ধাপে টিকিট বিক্রি শুরু হবে ১ এপ্রিল থেকে, চলবে বিশ্বকাপের শেষ দিন পর্যন্ত। বিশ্বকাপ চলাকালীন টিকিট বিক্রি হওয়ায় একদিনে একাধিক টিকিট অ্যাভেইলেভন হওয়ার সম্ভাবনা আছে। আসন্ন মেগা ইভেন্টের ১০৪ ম্যাচের সবকটিই হাউসফুল হবে বলে প্রত্যাশা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর।

বিশ্বকাপের টিকিট মানেই তো সোনার হরিণ। যে টিকিটের জন্য কাড়াকাড়ি লাগে বিশ্বের ফুটবল ভক্তদের মাঝে। এখন পর্যন্ত ২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়ে সবচেয়ে আলোচিত বিষয় টিকিটের চড়া মূল্য। যে কারণে সম্প্রতি ইউরোপের ফুটবল সমর্থকদের জোট ফুটবল সাপোর্টার্স ইউরোপ ফিফার বিরুদ্ধে ইউরোপিয়ান কমিশনে মামলাও করেছে। এরই মাঝে আমেরিকা, কানাডা মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের শেষ ধাপে টিকিট বিক্রির সময় ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।

এখন পর্যন্ত কয়েক ধাপে টিকিট ছেড়েছিল ফিফা। যেখানে সবকটি টিকিটই বিক্রি হয়ে গেছে। শুধু তাই নয়, এরপরও অসংখ্য টিকিটের চাহিদা এসেছে ফিফার কাছে। যে কারণে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবারের বিশ্বকাপের টিকিটের চাহিদা নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেছেন এবার চাহিদা একসঙ্গে এক হাজার বছরের বিশ্বকাপের সমান। আসন্ন মেগা ইভেন্টের ১০৪ ম্যাচের সবকটিই হাউসফুল হবে বলে প্রত্যাশা করেন ইনফান্তিনো। যদিও যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের টিকিট মূল্য নির্ধারণ নীতির কারণে ফিফাকে পড়তে হয়েছে সমালোচনার মুখে।



গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আগের ধাপে এক মিলিয়নের বেশি টিকিট বিক্রি হয়েছে। শেষ ধাপে আগামী ১ এপ্রিল থেকে শুরু হবে টিকিট বিক্রি। বিশ্বকাপের ১১ জুন থেকে ১৯ জুলাই শেষ দিন পর্যন্ত সাধারণ বিক্রির জন্য অতিরিক্ত এই টিকিট ছাড়া হচ্ছে। যেহেতু টিকিটগুলো পর্যায়ক্রমে ছাড়া হবে, তাই অ্যাভেলেবল আসন নিয়মিত পরিবর্তিত হতে পারে, যার মধ্যে একই দিনে একাধিক ম্যাচের টিকিটও অন্তর্ভুক্ত থাকবে।

ফিফা জানিয়েছে, অবশিষ্ট টিকিট 'আগে এলে আগে পাবেন' ভিত্তিতে বিক্রি করা হবে। নতুন এই ধাপে দর্শকরা নির্দিষ্ট আসন বেছে নিতে পারবেন। আর যারা ইতোমধ্যে টিকিট কিনেছেন, তারা ১ এপ্রিল থেকে নিজেদের আসন বরাদ্দ দেখতে পারবেন।

এর আগে ডিসেম্বরে সাধারণ টিকিট বিক্রি শুরুর পর ফুটবলভক্তরা অতিরিক্ত দাম নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাতে থাকেন। তখন গ্রুপ পর্বের সবচেয়ে কম মূল্যের টিকিট ছিল ১৪০ ডলার। আর ফাইনালের টিকিটের দাম ছিল সর্বোচ্চ ৮,৬৮০ ডলার। জার্মান ফুটবল ফেডারেশনের তথ্যমতে, ১৪ জুন নিজেদের প্রথম ম্যাচে টিকিটের সর্বনিম্ন দাম ১৮০ ডলার বা ২২ হাজার টাকা। এছাড়া সেমিফাইনালে সর্বনিম্ন ৯২০ ডলার থেকে সর্বোচ্চ ১১২৫ ডলারে টিকিট কিনতে হবে।

এসকে/টিএ

মন্তব্য করুন