© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১১ ভক্তের স্মরণে কালো আর্মব্যান্ড পরলেন ক্রিকেটাররা

শেয়ার করুন:
১১ ভক্তের স্মরণে কালো আর্মব্যান্ড পরলেন ক্রিকেটাররা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২৫ এএম | ২৯ মার্চ, ২০২৬
বিষাদময় আবহে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরটি শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গত বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) শিরোপা উদযাপনের সময় পদপিষ্ট হয়ে প্রাণ হারানো ১১ জন ভক্তের স্মরণে এম চিনস্বামী স্টেডিয়ামে পালন করা হয় এক মিনিটের নীরবতা।

ম্যাচ শুরুর আগে বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদের খেলোয়াড়, অফিসিয়াল এবং গ্যালারিতে উপস্থিত হাজারো দর্শক নীরবতা পালন করেন। শ্রদ্ধা জানাতে উভয় দলের খেলোয়াড়রা হাতে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন। এছাড়া আরসিবি খেলোয়াড়দের ওয়ার্ম-আপ জার্সিতে ছিল ‘১১’ নম্বর, যা সেই ১১ জন বিদেহী আত্মার প্রতি উৎসর্গ করা হয়েছে।
মর্মান্তিক সেই স্মৃতিকে অম্লান রাখতে স্টেডিয়ামের ভেতরে ১১টি আসন স্থায়ীভাবে সংরক্ষিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া স্টেডিয়ামের প্রবেশপথে একটি বিশেষ স্মৃতিফলক উন্মোচন করেছে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ)। গত বছরের ৪ জুন আরসিবির প্রথম আইপিএল শিরোপা জয়ের পর উৎসব করতে গিয়ে স্টেডিয়ামের বাইরে এই দুর্ঘটনাটি ঘটেছিল।

২০২৫ সালের মে মাসের পর এই প্রথম চিনস্বামীতে কোনো শীর্ষ স্তরের ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। ওই দুর্ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থার পর্যালোচনার জন্য এই মাঠে ২০২৫ নারী ওডিআই বিশ্বকাপ এবং ২০২৬ পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আসরগুলো আয়োজন করা সম্ভব হয়নি। সাবেক ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদের নেতৃত্বে কেএসসিএ ভিড় নিয়ন্ত্রণ ও অবকাঠামোতে আমূল পরিবর্তন আনার পরই স্টেডিয়ামটি পুনরায় খেলার জন্য খুলে দেওয়া হয়।

আইপিএল তাদের অফিসিয়াল ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডেলে লিখেছে, ‘গত বছরের ৪ জুন প্রাণ হারানো ১১ জন আরসিবি ভক্তের প্রতি বিনম্র শ্রদ্ধা। আমাদের ভাবনা ও প্রার্থনা শোকসন্তপ্ত পরিবারগুলোর সাথে রয়েছে।’

এবি/টিএ

মন্তব্য করুন