© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নেত্রকোনায় বিএনপি নেতাকে পানিতে চুবিয়ে নির্যাতন করার অভিযোগ আ.লীগ সমর্থকদের বিরুদ্ধে

শেয়ার করুন:
নেত্রকোনায় বিএনপি নেতাকে পানিতে চুবিয়ে নির্যাতন করার অভিযোগ আ.লীগ সমর্থকদের বিরুদ্ধে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৪ এএম | ২৯ মার্চ, ২০২৬
নেত্রকোনার মদনে এক বিএনপি নেতাকে পানিতে চুবিয়ে নির্যাতন করার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে। শুক্রবার (২৭ মার্চ) ভুক্তভোগী উপজেলা বিএনপির সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান আকন্দ শফিক এ বিষয়ে মদন থানায় একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মেহেদী বাড়ির সামনে কান্দুবিয়া বিলে ঘাস কাটতে যান। এ সময় পূর্ববিরোধের জের ধরে সোহেল মিয়া ও তার লোকজন মেহেদীকে অতর্কিতভাবে মারপিট করেন। একপর্যায়ে তাকে হত্যা করার উদ্দেশ্যে বিলের পানিতে চুবাতে শুরু করেন। 

মেহেদীর চিৎকার শুনে পাশের লোকজন ছুটে এসে উদ্ধার করে মদন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি মদন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

এ ঘটনায় মেহেদী ৪ জনকে অভিযুক্ত করে মদন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন- উপজেলার মদন সদর ইউনিয়নের কুলিয়াটি গ্রামের মৃত শামছু মিয়ার ছেলে সোহেল মিয়া, খায়েস, কাওছার ও সাগর। 

এ বিষয়ে সোহেল মিয়া জানান, মেহেদী আমার চাষকৃত ঘাস কাটছিল। আমি এতে বাধা দেই। এরপর তার সঙ্গে আমার ও আমার ভাইদের ধস্তাধস্তি হয়। তাকে পানিতে চুবিয়ে মারার চেষ্টা করেছি এমন অভিযোগ সঠিক নয়। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছে।

মদন থানার ওসি হাসনাত জামান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


ইউটি/টিএ

মন্তব্য করুন