খেলাকে জিম্মি না করার অনুরোধ বিসিবি পরিচালক মিঠুর
ছবি: সংগৃহীত
১১:১০ এএম | ২৯ মার্চ, ২০২৬
জাতীয় দলের বাইরেও রয়েছে একাধিক ক্রিকেটার, যাদের আয়ের বড় একটি উৎস ডিপিএল, বিপিএল। যারা বিপিএলে সুযোগ পান না, তারা ডিপিএলের অপেক্ষায় থাকেন। তাদের জন্য শঙ্কার কথা- এবারের মৌসুমে ডিপিএল মাঠে না গড়ানোর সম্ভাবনা বেশি।
সবশেষ বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ করেন ঢাকার অধিকাংশ ক্লাবগুলো। যে কারণে ডিপিএল ও প্রথম বিভাগ ক্রিকেট লিগে বর্তমান বোর্ডের অধীনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে এখনো অটল ক্লাবের কর্তারা। তবে বিকল্প টুর্নামেন্টে কাজ চালানোর চেষ্টা করেছেন বিসিবি কর্তারা।

বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু খেলাকে জিম্মি না করার অনুরোধ জানিয়ে বলেছেন, ‘আমি একজন সাবেক ক্রিকেটার হিসেবে বলছি, যে যাই হোক, যেই বিবাদই থাকুক, খেলাকে আমরা জিম্মি করতে পারি না। খেলাটা খেলা উচিত খেলার মতো আর অন্যান্য বিবাদ থাকলে আপনি এটা সমাধান করেন। সেটা হচ্ছে এটা আমার একদম ব্যক্তিগত মতামত যে খেলার সাথে অন্য কিছুকে জড়াবেন না।’
মিঠু আরও বলেন, ‘আমার অনুরোধ থাকবে ক্লাবগুলো আছে তাদের কাছে, এটা খেলোয়াড়দের আয়ের উৎস। আমরা তো শুধু বিপিএলে যে কয়জন খেলছে সেটার জন্য না, যে খেলোয়াড়রা শুধু লিগে খেলছে, তাদের আয়ের মাধ্যম এটা। সুতরাং প্রিমিয়ার লিগটা হয়ে যাওয়া উচিত।’
এসকে/এসএন