পদ্মায় বাসডুবির ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি
ছবি: সংগৃহীত
০৪:০৬ পিএম | ২৯ মার্চ, ২০২৬
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস পদ্মায় ডুবে যাওয়ার ঘটনা তদন্তে নৌমন্ত্রণালয় গঠিত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রবিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট (ঘটনাস্থল)-সহ ঘাটগুলো পরিদর্শন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও তদন্ত কমিটির প্রধান মো. মুহিদুল ইসলাম।
ছয় সদস্যবিশিষ্ট উচ্চ পর্যায়ের কমিটির অপর সদস্যদের মধ্যে রাজবাড়ী জেলা প্রশাসনের প্রতিনিধি, নৌপুলিশ প্রতিনিধি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)-এর প্রতিনিধি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি)-এর প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন।
গত বুধবার (২৫ মার্চ) বিকেলে দৌলতদিয়া ৩ নম্বর ঘাটে ফেরিতে উঠতে গিয়ে পন্টুন থেকে পড়ে পদ্মায় ডুবে যায় সৌহার্দ্য পরিবহনের একটি বাস। পরে উদ্ধার অভিযান চালিয়ে নারী, শিশুসহ ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।
আইকে/টিএ