বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে সহায়তা করতে চায় ফ্রান্স
ছবি: সংগৃহীত
০৯:৪০ পিএম | ২৯ মার্চ, ২০২৬
ক্রাউড কন্ট্রোল (জনতা নিয়ন্ত্রণ), অপরাধ তদন্ত ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিসহ বাংলাদেশ পুলিশের পেশাদারিত্বের মানোন্নয়নে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে ফ্রান্স।
রোববার (২৯ মার্চ) পুলিশ সদর দপ্তরে আইজিপি মো. আলী হোসেন ফকিরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে ফ্রান্সের ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি অ্যাটাশে মিজ ক্রিস্তেল ফন্টেইন এই আগ্রহের কথা জানান।
সাক্ষাৎকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ পুলিশের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন ক্রিস্তেল ফন্টেইন। পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকে ফন্টেইন অভিবাসী সহায়তা এবং পুলিশের সামগ্রিক সক্ষমতা সম্প্রসারণে ফ্রান্সের পক্ষ থেকে কারিগরি ও প্রশিক্ষণমূলক সহায়তার ইচ্ছা পোষণ করেন। আইজিপি মো. আলী হোসেন ফকির ফরাসি প্রতিনিধির এই প্রস্তাবকে স্বাগত জানান।
আইজিপি এ সময় ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন, পার্বত্য অঞ্চল ও রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কর্মরত পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধি, সাইবার নিরাপত্তা ও মানবপাচার প্রতিরোধের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি দুই দেশের পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানান। সাক্ষাৎকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরআই/টিএ