আবার কি পুরনো জার্সিতে দেখা যাবে সালাহকে?
ছবি: সংগৃহীত
১০:২৩ পিএম | ২৯ মার্চ, ২০২৬
ফুটবল বিশ্বে দলবদল নিয়ে গুঞ্জন নতুন কিছু নয়। তবে এবারের গুঞ্জনটি যেন সবকিছুকে ছাড়িয়ে গেল। ইতালিয়ান ক্রীড়া দৈনিক লা গাজেত্তা ডেলো স্পোর্টসের এক প্রতিবেদন অনুযায়ী, লিভারপুলের মিশরীয় কিংবদন্তি মোহাম্মদ সালাহ্ আবারও ফিরতে পারেন তার পুরনো ক্লাব রোমায়। বর্তমান মৌসুম শেষেই লিভারপুল ছাড়ার ঘোষণা দেওয়া এই উইঙ্গারকে নিয়ে ইতালিয়ান রাজধানীতে এখন বইছে আলোচনার ঝড়।
লিভারপুলের সাথে দীর্ঘ এক দশকের সফল ক্যারিয়ারের ইতি টানতে যাওয়া সালাহ্ এখন ফ্রি-এজেন্ট। অর্থাৎ তাকে দলে ভেড়াতে কোনো ট্রান্সফার ফি লাগবে না। আর এই সুযোগটিই কাজে লাগাতে চায় রোমা। যদিও বিষয়টিকে আপাতত একটি ওয়াইল্ড আইডিয়া বা দুঃসাহসী পরিকল্পনা হিসেবে দেখা হচ্ছে।
তবে ইতালিয়ান সংবাদমাধ্যমগুলো বলছে, সালাহ নিজেও রোমায় এক বছরের জন্য ফেরার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছেন। এই দলবদলের পথে সবচেয়ে বড় পাহাড় হয়ে দাঁড়িয়েছে সালাহর বেতন। লিভারপুলে তিনি বছরে প্রায় ১২ মিলিয়ন ইউরো (কর বাদে) বেতন পান। অন্যদিকে, রোমা তাদের কোনো খেলোয়াড়কে ৪ মিলিয়ন ইউরোর বেশি বেতন না দেওয়ার নীতি গ্রহণ করেছে। এই বিশাল আর্থিক ব্যবধান ঘুচিয়ে কীভাবে সালাহ্কে আনা সম্ভব, সেটিই এখন দেখার বিষয়।

সালাহ্কে পেতে কেবল রোমা নয়, ওত পেতে আছে সৌদি আরবের আল ইত্তিহাদ এবং আল কাদসিয়াহর মতো ক্লাবগুলো। তারা লিভারপুলের সমান বা তার চেয়েও বেশি বেতন দিতে প্রস্তুত। এছাড়া যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নতুন ক্লাব সান ডিয়েগোও এই মিশরীয় রাজপুত্রকে পেতে মরিয়া। এত চড়া প্রস্তাব ছেড়ে সালাহ কি কেবল আবেগের টানে রোমায় ফিরবেন? প্রশ্নটি এখন ফুটবল পাড়ায়।
রোমার বর্তমান কোচ জিয়ান পিয়েরো গাসপেরিনির আক্রমণাত্মক ফুটবল দর্শনের সাথে মোহাম্মদ সালাহ্র খেলার ধরন দারুণভাবে মিলে যায়। যদিও ক্লাব কর্তৃপক্ষ সাধারণত তরুণ প্রতিভাদের ওপর বিনিয়োগ করতে পছন্দ করে। কিন্তু সালাহ্র মতো একজন ফ্রি এজেন্ট এবং পরীক্ষিত তারকাকে পাওয়া যেকোনো ক্লাবের জন্যই ভাগ্যের ব্যাপার।
আইকে/টিএ