আফ্রিদি-মোস্তাফিজের দুর্দান্ত বোলিং ম্লান করে দলকে হারালেন রউফ
ছবি: সংগৃহীত
১২:১৬ এএম | ৩০ মার্চ, ২০২৬
ব্যাটারদের ব্যর্থতা সামাল দিয়ে চমৎকার বোলিং করলেন শাহিন শাহ আফ্রিদি ও মোস্তাফিজুর রহমান। দুজনের চেষ্টায় অল্প পুঁজি নিয়েও জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলল লাহোর কালান্দার্স। কিন্তু তাদের বোলিং ম্লান হয়ে গেল হারিস রউফের কারণে।
শেষ ওভারে জিতে গেল করাচি কিংস।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রোববার রাতের ম্যাচে লাহোরকে ৪ উইকেটে হারিয়েছে করাচি। আগে ব্যাট করে ১২৮ রানের বেশি করতে পারেনি লাহোর। জবাবে রউফের বাজে বোলিংয়ের সুযোগে ৩ বল বাকি থাকতে ম্যাচ জিতে নিয়েছে করাচি।
দুই ম্যাচে করাচির এটি দ্বিতীয় জয়। অন্য দিকে জয় দিয়ে যাত্রা শুরুর পর দ্বিতীয় ম্যাচে প্রথম পরাজয় পেল লাহোর।
ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ফখর জামানের উইকেট হারায় লাহোর। আরেক ওপেনার মোহাম্মদ নাঈমও বেশিক্ষণ টিকতে পারেননি। চার নম্বরে নেমে আব্দুল্লাহ শফিককে সঙ্গে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন পারভেজ হোসেন ইমন।

তৃতীয় উইকেট জুটিতে আসে ২৮ রান। ২৪ বলে ৩৩ রান করে আউট হন শফিক। আর সালমান আলি আগার বলে ছক্কা মেরে পরের বলেই এলবিডব্লিউ হয়ে যান ১২ বলে ১২ রান করা ইমন। আগের ম্যাচে ১৩ বলে ১৪ রান করেছিলেন তিনি।
পরে ৪৩ রানের জুটি গড়েন হাসিবউল্লাহ খান ও সিকান্দার রাজা। কিন্তু রানের গতি বাড়াতে পারেননি তারা। ২৮ রান করতে ৩০ বল খেলেন হাসিবউল্লাহ। আর রাজার ব্যাট থেকে আসে ২১ বলে মাত্র ১৯ রান।
করাচির পক্ষে ৪ ওভারে এক মেডেনসহ মাত্র ১১ রানে ২ উইকেট নেন অ্যাডাম জাম্পা। এছাড়া মইন আলি ও মীর হামজাও নেন ২টি করে উইকেট।
অল্প পুঁজি নিয়েও করাচিকে চেপে ধরে লাহোর। পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে মাত্র ২৭ রান করতে পারে করাচি। দুটি উইকেটই নেন শাহিন শাহ আফ্রিদি। অষ্টম ওভারে আক্রমণে এসে তৃতীয় বলে মির্জা সাদ বেগকে কট বিহাইন্ড করে দেন মোস্তাফিজুর রহমান।
১৩তম ওভারে হারিস রউফ ১৮ রান খরচ করলে পিছিয়ে পড়ে লাহোর। সেখান থেকে আবার আফ্রিদির জাদু। এক ওভার পর মোহাম্মদ ওয়াসিমকে (৩৭ বলে ৩৮) আউট করে দলকে লড়াইয়ে ফেরান অধিনায়ক আফ্রিদি। ওয়াসিমের বিদায়ে ভাঙে ৪৩ রানের জুটি।
একই ওভারে আরেক সেট ব্যাটার মইন আলিকেও আউট করেন আফ্রিদি। ১৮ রান করতে ২১ বল নেন মইন। জয় থেকে তখনও ৩০ বলে ৪১ রান দূরে ছিল করাচি। পরের ৩ ওভার থেকে ১৮ রানের বেশি নিতে পারেননি আজম খান ও খুশদিল শাহ।
দুই ওভারে ২৩ রানের সমীকরণে মাত্র ৯ রান খরচ করেন মোস্তাফিজ। সব মিলিয়ে ৪ ওভারে মাত্র ২০ রান দেন বাংলাদেশের অভিজ্ঞ পেসার।
শেষ পর্যন্ত ৬ বলে ১৪ রান ঠেকানোর দায়িত্ব পড়ে রউফের কাঁধে। কিন্তু ওভারের শুরুতে পেনাল্টি পায় করাচি। লাহোরের বিরুদ্ধে বলের আকৃতি পরিবর্তনের অভিযোগ এনে ৫ রান জরিমানা করেন ম্যাচের দুই আম্পায়ার।
৬ বলে ৯ রানের সমীকরণে প্রথম বলে ডিপ মিড উইকেটে দুর্দান্ত ক্যাচ নেন রাজা। পরের বল ওয়াইড করে বসেন রউফ। এরপর তার বলে ৪ ও ৬ মেরে ম্যাচ শেষ করে দেন আব্বাস আফ্রিদি।
দলকে জেতানোর সর্বোচ্চ চেষ্টা করে ৪ ওভারে মাত্র ১৮ রানে ৪ উইকেট নেন শাহিন আফ্রিদি। বিপরীতে মাত্র ৩.৩ ওভারে ৪৫ রান দিয়ে একাই দলকে হারিয়ে দেন রউফ।
টিজে/টিএ