রাহুলের মাকে খবরটা কে দেবে? ভেবে কাঁদছেন রুদ্রনীল
ছবি: সংগৃহীত
১২:১৮ এএম | ৩০ মার্চ, ২০২৬
একটি ধারাবাহিকের শুটিংয়ে গিয়ে পানিতে পড়ে মৃত্যু হলো পশ্চিমবঙ্গের গুণী অভিনেতা রাহুল ব্যানার্জীর। তার মৃত্যুর খবর চাউর হতেই শোকাচ্ছন্ন গোটা বাংলা ভাষাভাষি শোবিজ অঙ্গন। অভিনেতার মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না সহঅভিনেতা রুদ্রনীল ঘোষ।
রাহুলের প্রথম ছবি ‘চিরদিনই তুমি যে আমার’, এটি বর্তমানে কলকাতার সিনেমার তারকা নির্মাতা রাজ চক্রবর্তীর পরিচালনায়ও ছিলো প্রথম ছবি। আর এই ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন রুদ্রনীল ঘোষ।
রাহুলের প্রয়াণে আজ তাই চোখে জল রুদ্রনীলের। কলকাতার সংবাদ মাধ্যমে আলাপকালে এই অভিনেতা বলেন,“ওর সঙ্গে ‘চিরদিনই তুমি যে আমার’-এর সেটে আলাপ। বন্ধু বলব না, ভাই ছিল, বড্ড ভাল ছাত্র ছিল। শেষ একসঙ্গে ‘অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ করলাম। কী করে বুঝব এমন হবে? আমরা একসঙ্গে বসে আড্ডা দেওয়ার খাওয়া-দাওয়া করার প্ল্যান করেছিলাম ক’দিন ধরে। ওর সঙ্গে তো আত্মার সম্পর্ক ছিল।”

রুদ্রনীলের কথায়, “আমার মনে একটাই কথা চলছে বাবিন বলে আর কাকে ডাকব? ওর তো ডাকনাম ওটা। রাহুল তো অফিশিয়াল নাম। কাকিমা, মানে রাহুলের মাকে এই খবরটা কে দেবে? কী করে সহ্য করবে? কিচ্ছু মাথায় আসছে না। আর কিছু বলার অবস্থায় নেই।”
গত দুই দশক ধরে অভিনয়ে নিয়মিত ছিলেন রাহুল। ছোটপর্দা থেকে বড়পর্দায়, ওয়েব দুনিয়ায় ছিল তার উপস্থিতি। রাহুলকে দর্শক সম্প্রতি হইচই প্ল্যাটফর্মের জনপ্রিয় সিরিজ ‘ঠাকুমার ঝুলি’তে দেখেছেন। সেখানে তিনি পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেন।
এসএস/টিএ