হৃদযন্ত্র সুস্থ রাখতে ঘুমের সময় এসির তাপমাত্রা কত হওয়া উচিত?
ছবি: সংগৃহীত
১০:২৪ এএম | ৩০ মার্চ, ২০২৬
গরমের তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে, আর সেই সঙ্গে বাড়ছে এসি ব্যবহারের প্রবণতাও। অনেকেই আরাম পেতে ঘরের তাপমাত্রা খুব কমিয়ে রাখেন, আবার কেউ মাঝামাঝি রাখতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, ঘুমানোর সময় ঘরের তাপমাত্রা শুধু আরামের বিষয় নয় এটি সরাসরি হৃদযন্ত্রের স্বাস্থ্যের সঙ্গে জড়িত।
অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সাম্প্রতিক এক সমীক্ষায় এই বিষয়টি উঠে এসেছে।
৬৫ বছর বা তার বেশি বয়সী ৪৭ জনের ওপর চালানো এই গবেষণায় দেখা গেছে, ঘুমের সময় ঘরের তাপমাত্রা যদি ২৪ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়, তাহলে তা হৃদযন্ত্রের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। এতে ঘুমের সময় শরীরের স্বাভাবিক পুনরুদ্ধার প্রক্রিয়া ব্যাহত হয়।
গবেষণা অনুযায়ী, তাপমাত্রা যত বাড়ে, হৃদযন্ত্রের ওপর চাপও তত বাড়ে। ২৪ থেকে ২৬ ডিগ্রির মধ্যে চাপ প্রায় ৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
২৬ থেকে ২৮ ডিগ্রিতে তা দ্বিগুণ হয়ে যেতে পারে, আর ২৮ ডিগ্রির বেশি হলে এই চাপ কয়েক গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে।
গবেষণার প্রধান গবেষক ফার্গাস ও’কনর জানান, অতিরিক্ত গরমে শরীর ঠাণ্ডা রাখতে হৃদযন্ত্রকে বেশি কাজ করতে হয়। এই সময় ত্বকের দিকে বেশি রক্ত প্রবাহিত করতে হয়, যার ফলে হৃদযন্ত্রের ওপর চাপ বাড়ে। বিশেষ করে বয়স্ক ব্যক্তি বা যাদের আগে থেকেই হৃদরোগ রয়েছে, তাদের ক্ষেত্রে এই ঝুঁকি আরো বেশি।
বিশেষজ্ঞরা মনে করছেন, ঘুমের সময় ঘরের তাপমাত্রা প্রায় ২৪ ডিগ্রি সেলসিয়াসে রাখা সবচেয়ে উপযোগী। এতে শরীর স্বাভাবিকভাবে কাজ করতে পারে এবং হৃদযন্ত্রের ওপর অপ্রয়োজনীয় চাপ পড়ে না।
সূত্র : এই সময়
পিআর/এসএন