ফর্মুলা ওয়ানে ইতিহাস গড়ে জাপান গ্র্যান্ড প্রিঁ জিতলেন অ্যান্টোনেল্লি
ছবি: সংগৃহীত
১০:৪৮ এএম | ৩০ মার্চ, ২০২৬
ফর্মুলা ওয়ানে নতুন ইতিহাস লিখলেন কিমি অ্যান্টোনেল্লি। মাত্র ১৯ বছর বয়সে জাপানিজ গ্র্যান্ড প্রিঁ জিতে টানা দ্বিতীয় জয় তুলে নেয়ার পাশাপাশি বিশ্ব চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এলেন এই ইতালিয়ান তরুণ। এর মাধ্যমে তিনি ফর্মুলা ওয়ানের ইতিহাসে সবচেয়ে কম বয়সি ড্রাইভার হিসেবে চ্যাম্পিয়নশিপে লিড নেয়ার কীর্তিও গড়লেন।
জাপানের সুজুকা সার্কিটে অনুষ্ঠিত এই রেসে শুরুটা ভালো ছিল না অ্যান্টোনেল্লির। পোল পজিশন থেকে শুরু করেও প্রথম কর্নারেই নেমে যান ষষ্ঠ স্থানে। শুরুতে লিড নেন অস্কার পিয়াস্ত্রি।
তবে রেসের মাঝপথে সেফটি কার নামার পরই বদলে যায় দৃশ্যপট। হ্যাস ড্রাইভার অলি বিয়ারম্যানের দুর্ঘটনার কারণে সেফটি কার আসলে কৌশলী পিট স্টপের সুযোগ নেন অ্যান্টোনেল্লি। নতুন টায়ার নিয়ে ট্র্যাকে ফিরে তিনি উঠে আসেন শীর্ষে- যা শেষ পর্যন্ত তার জয় নিশ্চিত করে।

শেষ পর্যন্ত পিয়াস্ত্রিকে ১৩.৭২২ সেকেন্ডে পেছনে ফেলে বিজয় নিশ্চিত করেন অ্যান্টোনেল্লি। তৃতীয় হয়েছেন লেক্লার। তার সতীর্থ জর্জ রাসেল চতুর্থ হয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে নেমে গেছেন।
রেস শেষে উচ্ছ্বসিত অ্যান্টোনেল্লি বলেন, 'আজ গতি ছিল অবিশ্বাস্য। সেফটি কার আমার কাজটা সহজ করে দিয়েছে।'
তিন রেস শেষে তার সংগ্রহ ৭২ পয়েন্ট, যা তাকে শীর্ষে রেখেছে। অন্যদিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ম্যাক্স ভার্স্টাপেন অষ্টম স্থানে শেষ করেন। এছাড়া লুইস হ্যামিল্টন ষষ্ঠ হন।
এসকে/এসএন