বিশ্বরেকর্ড গড়লেন প্রোটিয়া নারী অলরাউন্ডার কায়লা রেইনেকে
ছবি: সংগৃহীত
১১:০৬ এএম | ৩০ মার্চ, ২০২৬
ওয়ানডে অভিষেকেই অবিশ্বাস্য নাটকীয়তায় দলকে জয় এনে দিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার তরুণ অলরাউন্ডার কায়লা রেইনেকে। ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে শেষ বলে ছক্কা মেরে ২ উইকেটের রোমাঞ্চকর জয় নিশ্চিত করেন ২০ বছর বয়সি এই তারকা।
২৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একসময় বড় বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা। ১৯০ রানে ৬ উইকেট হারিয়ে যখন হারের শঙ্কা ঘনিয়ে আসে, তখনই হাল ধরেন রেইনেকে ও নাদিন ডি ক্লার্ক। ধীরে ধীরে ম্যাচে ফেরান দলকে।
শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৪ রান, হাতে ছিল মাত্র ২ উইকেট। বল হাতে ছিলেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার সুজি বেটস। প্রথম তিন বলে আসে মাত্র ২ রান, ফলে চাপ বাড়ে আরও। তবে চতুর্থ বলে ছক্কা মেরে সমীকরণ সহজ করেন রেইনেকে। এরপর শেষ বল গ্যালারিতে পাঠিয়ে অবিশ্বাস্য জয় এনে দেন তিনি।

মাত্র ৩২ বলে ৪২ রানের অপরাজিত ইনিংসে ছিল ৩টি চার ও ২টি ছক্কা। তার এই ইনিংসেই ম্যাচের মোড় ঘুরে যায়। বল হাতেও রেইনেকে ছিলেন কার্যকর- ৪ ওভারে দেন মাত্র ১৭ রান।
এই অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কার জেতেন রেইনেকে। এর মাধ্যমে তিনি গড়েছেন এক অনন্য রেকর্ড- ক্রিকেট ইতিহাসে প্রথম নারী ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি ও প্রথম ওয়ানডে অভিষেক ম্যাচেই ম্যাচসেরা হওয়ার কীর্তি গড়েছেন।
এসকে/এসএন