দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী / শিশুদের দুর্যোগ প্রস্তুতিতে স্কুলভিত্তিক মহড়া চালু হবে শিগগিরই
ছবি: সংগৃহীত
০২:১১ পিএম | ৩০ মার্চ, ২০২৬
দেশে বজ্রপাত, বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ সাম্প্রতিক বছরগুলোতে মারাত্মক আকার ধারণ করেছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, এসব দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দেশের দুর্বল ও গ্রামীণ জনগোষ্ঠী, বিশেষ করে শিশুরা।
সোমবার (৩০ মার্চ) সকালে রাজধানীর গুলশানের হোটেল আমারি-তে সেভ দ্য চিলড্রেন আয়োজিত ‘মেট ক্লাব: দ্য নেক্সট ওয়েভ’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, শিশুদের দুর্যোগ মোকাবেলার সক্ষমতা বাড়াতে স্কুলভিত্তিক ড্রিল ও মহড়ার মাধ্যমে সচেতনতা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় যৌথভাবে শিগগিরই কার্যক্রম শুরু করবে। এতে দুর্যোগের আগে, চলাকালীন এবং পরে করণীয় বিষয়ে শিশুদের ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।
তিনি বলেন, “শুধু তাত্ত্বিক শিক্ষার মাধ্যমে শিশুদের সচেতন করা কঠিন। বাস্তবভিত্তিক প্রশিক্ষণ ও গল্পের মাধ্যমে শেখালে তারা বেশি আগ্রহী হয় এবং সহজে বিষয়গুলো আয়ত্ত করতে পারে।”
ত্রাণমন্ত্রী আরও বলেন, ‘মেট ক্লাব’ উদ্যোগের মাধ্যমে তিনটি জেলায় কার্যক্রম শুরু হওয়া সময়োপযোগী পদক্ষেপ। এটি শিশুদের সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশে অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করে এবং অনেকের শিক্ষার সুযোগ সীমিত হওয়ায় দুর্যোগ বিষয়ে সচেতনতার ঘাটতি রয়েছে। এই ঘাটতি কাটাতে শিশুদের মাধ্যমে পরিবার পর্যায়েও সচেতনতা ছড়িয়ে দেওয়া সম্ভব।
সাম্প্রতিক সময়ে রাজবাড়ির দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনার উদাহরণ টেনে তিনি বলেন, সচেতনতার অভাবেই এ ধরনের দুর্ঘটনা ঘটে এবং এতে প্রাণহানি হয়, যার মধ্যে শিশুরাও রয়েছে। একইভাবে সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে অসচেতনতা একটি বড় কারণ উল্লেখ করে তিনি বলেন, অনেক বাইকার কানে মোবাইল রেখে মোটরসাইকেল চালান, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।
মন্ত্রী আশা প্রকাশ করেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী দুর্যোগ ব্যবস্থাপনায় নেওয়া উদ্যোগগুলো ধাপে ধাপে বাস্তবায়িত হবে। এ ক্ষেত্রে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ জরুরি বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, শিক্ষাক্রমে দুর্যোগ বিষয়ক পাঠ থাকলেও পরীক্ষায় এ বিষয়ে প্রশ্ন অন্তর্ভুক্ত করা হয় না। ভবিষ্যতে পরীক্ষায় এ সংক্রান্ত প্রশ্ন যুক্ত করা হলে শিক্ষার্থীদের আগ্রহ ও গুরুত্ব বাড়বে।
অনুষ্ঠান শেষে উপস্থিত শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ত্রাণমন্ত্রী।
এসএন