‘তোমায় মনে থাকবে আজীবন’, প্রয়াত রাহুলের স্মরণে জয়া আহসান
ছবি: সংগৃহীত
০৭:৪৬ পিএম | ৩০ মার্চ, ২০২৬
একটি ধারাবাহিকের শুটিং করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। তার আকস্মিক প্রয়াণে নেমে এসেছে গভীর শোক। এই শোকের আবহে বিজয়গড়ে রাহুলের বাসায় একে একে উপস্থিত হচ্ছেন তার সহকর্মী ও পরিচিতজনরা।
অভিনেতার প্রয়াণে তাকে স্মরণ করে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সেই পোস্টে রাহুলকে ‘এক অপরিসীম মগ্ন মানুষ’ ও ‘অনন্য শিল্পী’ হিসেবে উল্লেখ করেন জয়া আহসান। তিনি লেখেন, ‘রাহুল অরুণোদয় ব্যানার্জি এক অপরিসীম মগ্ন মানুষ, চির নিদ্রায় এক অনন্য শিল্পী। এ যেন ভাবতেই পারা যায় না….।’

জয়া জানান, ‘ঝরা পালক’ সিনেমার সময় রাহুলের সঙ্গে তার প্রথম ও শেষ কাজের অভিজ্ঞতা হয়েছিল। সেই সময় রাহুল কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করছিলেন। চেহারায় পুরো মিল না থাকলেও তার অভিনয়ে কবির অনুভব ও গভীরতা স্পষ্ট হয়ে উঠেছিল বলে মনে করেন তিনি।
অভিনেত্রী লেখেন, ‘কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করছিলেন অরুণোদয়; চেহারায় হয়তো মিল নেই, তবু যখন তার সঙ্গে অভিনয় করলাম, মনে হলো জীবনানন্দের কবিতার এক নির্বিঘ্ন স্রোত তার অন্তরে প্রবাহিত; সেই পরিচয় থেকেই শিল্পী হিসেবে তার গভীরতা আমায় মুগ্ধ করেছে; অভিনয়ে, কথায়, আদর্শে এবং লেখনীতে যে অরুণোদয় নির্মেদ, মায়াময়, স্পষ্ট এবং চিরন্তন; আজ সেই অরুণোদয়কে মনে করে যেতে চাই প্রতি মুহূর্ত।’
অভিনেতার সাবেক স্ত্রী অভিনেত্রী প্রিয়াংকার উদ্দেশে তিনি লেখেন, ‘প্রিয়াংকা, তুমি লড়াই এর সমনাম, আজকের এই ঝড়ঝাপটার দিনে সামলে থেকো, আগলে রেখো সহজকে।’ সবশেষে প্রয়াত এই অভিনেতাকে স্মরণ করে জয়া লেখেন, ‘অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন।’
আরআই/টিএ