নাসিম শাহ’কে মোটা অঙ্কের জরিমানা করলো পিসিবি
ছবি: সংগৃহীত
১১:৩৬ পিএম | ৩০ মার্চ, ২০২৬
পাকিস্তান ক্রিকেটে বড়োসড়ো আর্থিক শাস্তির মুখে পড়েছেন তরুণ পেসার নাসিম শাহ। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মারিয়ম নওয়াজকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা একটি বিতর্কিত পোস্টকে কেন্দ্র করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে ২ কোটি পাকিস্তানি রুপি জরিমানা করেছে।
এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, নাসিম তার কেন্দ্রীয় চুক্তির একাধিক ধারা লঙ্ঘন করেছেন। এর আগে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। শুনানি শেষে এই শাস্তি নির্ধারণ করা হয়।
পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করেই বিতর্কের শুরু। জ্বালানি সাশ্রয়ের অজুহাতে টুর্নামেন্টটি দর্শকশূন্যভাবে আয়োজনের ঘোষণা দিয়েছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। কিন্তু বাস্তবে উদ্বোধনী ম্যাচে একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির উপস্থিতি লক্ষ্য করা যায়, যা পরিস্থিতিকে আরও প্রশ্নবিদ্ধ করে তোলে।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ওই ম্যাচে উপস্থিত ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মারিয়ম নওয়াজও। তিনি খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, যেখানে লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ কিংসমেনের ক্রিকেটাররা ছিলেন।
এই পরিস্থিতির মধ্যেই পিসিবির একটি পোস্ট কোট করে নাসিম শাহ’র ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘লর্ডসে তাকে রানীর মতো আচরণ করা হচ্ছে কেন?’
তবে পোস্টটি প্রকাশের কয়েক মিনিটের মধ্যেই মুছে ফেলা হয়। পরে নাসিমের পক্ষ থেকে জানানো হয়, তার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল এবং সেটি পুনরুদ্ধার করা হয়েছে।
তিন সদস্যের শৃঙ্খলা কমিটির সামনে হাজির হয়ে নাসিম শাহ নিঃশর্তভাবে ক্ষমা চান। একই সঙ্গে তিনি তার সোশ্যাল মিডিয়া ম্যানেজারকে বরখাস্ত করেন। পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট ম্যানেজারকে ভবিষ্যতে বোর্ডের অধীনে কোনো ক্রিকেটারের সঙ্গে কাজ করার সুযোগ দেওয়া হবে না।
তবে এসব পদক্ষেপের পরও নিজেদের অবস্থানে অনড় থাকে পিসিবি। বোর্ড স্পষ্ট করে জানায়, পেশাদারিত্ব, চুক্তির শর্ত এবং খেলাধুলার নৈতিকতা রক্ষার প্রশ্নে তারা কোনো ধরনের ছাড় দিতে রাজি নয়।

রাজনৈতিক মন্তব্যের বিষয়ে সাম্প্রতিক সময়ে কঠোর নীতি অনুসরণ করছে পিসিবি। গত বছর অলরাউন্ডার আমের জামালকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি সমর্থনসূচক বার্তা প্রদর্শনের কারণে ১০ লাখ রুপির বেশি জরিমানা করা হয়েছিল। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালে তার টুপিতে ‘৮০৪’ লেখা ছিল, যা কারাবন্দি ইমরান খানের কয়েদি নম্বর হিসেবে পরিচিত।
তুলনামূলকভাবে নাসিম শাহ’র ওপর আরোপিত জরিমানার অঙ্কটি অনেক বেশি— আমের জামালের চেয়ে প্রায় ১৬ গুণ। এই অর্থ তার কেন্দ্রীয় চুক্তির প্রায় আট মাসের বেতনের সমপরিমাণ। বর্তমানে তিনি ‘সি’ ক্যাটাগরির চুক্তিভুক্ত ক্রিকেটার।
উল্লেখ্য, চলতি বছরের পিএসএল নিলামে নাসিম ছিলেন সবচেয়ে দামি খেলোয়াড়দের একজন। তাকে ৮ কোটি ৬৫ লাখ রুপিতে দলে ভেড়ায় রাওয়ালপিন্ডি ফ্র্যাঞ্চাইজি।
টিজে/টিএ