জ্বালানি তেল মজুত করায় ২ জনের এক বছর করে কারাদণ্ড
ছবি: সংগৃহীত
০১:২২ এএম | ৩১ মার্চ, ২০২৬
চাঁদপুরে অবৈধভাবে জ্বালানি তেল সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে দুই ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বি।
অভিযানে নওরীন ফিলিং স্টেশনের মালিক মো. মিজানুর রহমান (মুক্তিযোদ্ধা সড়ক, সদর) এবং পদ্মা ওয়েল কোম্পানির এজেন্ট ইমরান ট্রেডার্সের মালিক মো. মঞ্জুর হোসেন তালুকদারকে (আলিমপাড়া, সদর) অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রয়ের দায়ে আটক করা হয়।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় তাদের প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বি বলেন, জ্বালানি তেলের অবৈধ মজুত ও কালোবাজারি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
এসএস/টিএ