© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লাইসেন্স ছাড়া সরিষার তেল উৎপাদন, মিল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

শেয়ার করুন:
লাইসেন্স ছাড়া সরিষার তেল উৎপাদন, মিল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৭ এএম | ৩১ মার্চ, ২০২৬
সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙা বাজারে লাইসেন্সবিহীনভাবে সরিষার তেল উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে একটি তেলের মিলে অভিযান চালিয়ে মিল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) সাতক্ষীরা জেলা প্রশাসনের সহকারী কমিশনার (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) মো. শাহেদ হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী দুটি মামলায় মিল মালিককে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট তেল মিলটি দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই তেল উৎপাদন ও বাজারজাত করে আসছিল। অভিযানের সময় মিল কর্তৃপক্ষকে ভবিষ্যতে বৈধ কাগজপত্র ছাড়া কোনো ধরনের উৎপাদন কার্যক্রম না চালানোর জন্য সতর্ক করা হয়।

অভিযানকালে প্রশাসন বাজারে ভেজাল ও অবৈধ পণ্য উৎপাদন বন্ধে নিয়মিত তদারকি চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে মেসার্স লস্কর ও ঝাউডাঙা ফিলিং স্টেশনে জ্বালানি তেলের মজুত ও বিক্রির ওপরও নজরদারি চালানো হয়। ফিলিং স্টেশনগুলোকে নতুন নির্দেশনা মেনে চলার এবং মোটরসাইকেলে তেল সরবরাহের ক্ষেত্রে কাগজপত্র যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়।

ফিলিং স্টেশন ম্যানেজার, চালক, ক্রেতা-বিক্রেতাসহ সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনের অতিরিক্ত তেল মজুত না রাখা এবং সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সতর্ক করা হয়েছে।

এসএস/টিএ

মন্তব্য করুন