সীতাকুণ্ডে ২৫ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ
ছবি: সংগৃহীত
০৫:২৯ এএম | ৩১ মার্চ, ২০২৬
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটের জলিল গেইট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৫ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ করেছে প্রশাসন।
সোমবার বিকেল ৪টায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন, ডিজিএফআই এবং উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি অবৈধ তেলের ডিপোতে অভিযান চালানো হয়। এ সময় তিনটি তেলের ভাউচারে সংরক্ষিত প্রায় ২২ হাজার লিটার এবং একটি কন্টেইনারে থাকা আরো ৩ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।
অভিযানের সময় ডিপোর মালিকপক্ষের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ার ও নাসির নামে দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে এই অবৈধ তেল ব্যবসা পরিচালনা করে আসছিলেন। অভিযান চলাকালে ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। তিনি সাংবাদিকদের বলেন, অবৈধভাবে তেল মজুদ ও ব্যবসার বিরুদ্ধে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। মজুদদার যে-ই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না।
জেলা প্রশাসক জানান, অতিরিক্ত তেল ক্রয় করে মজুদ করার প্রবণতা থেকে ক্রেতা ও বিক্রেতা উভয়কেই সরে আসতে হবে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএস/টিএ