মৌলভীবাজারে ৯ জনের হাম পজেটিভ
ছবি: সংগৃহীত
০৭:৫৬ এএম | ৩১ মার্চ, ২০২৬
মৌলভীবাজারে হামের লক্ষণ নিয়ে বিভিন্ন হাসপাতালে ২২ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে পরীক্ষা শেষে ৯ জনের হাম পজেটিভ পাওয়া গেছে। মৌলভীবাজার সদর হাসপাতালে দুটি শিশু ও একজন পুরুষ ভর্তি আছেন।
সোমবার মৌলভীবাজার সিভিল সার্জন সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের লক্ষ্মণ নিয়ে ১৬ জন আসেন। তাদেরকে পরীক্ষা করার পর ৬ জনের পজেটিভ পাওয়া যায়। এছাড়া মৌলভীবাজার সদর হাসপাতালে ৬ জনের মধ্যে তিনজন ভর্তি রয়েছেন।
মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. আহমেদ ফয়সল জামান বলেন, হাসপাতালে তিনজন হাম রোগী ভর্তি আছেন এর মধ্যে দুইটি শিশু ও একজন পুরুষ রয়েছেন। এছাড়া আরও কয়েকজন হাম পরীক্ষা করিয়েছেন। তাদের রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে পজেটিভ না নেগেটিভ।
মৌলভীবাজারের সিভিল সার্জন ড. মো. মামুনুর রহমান বলেন, আজ জেলার বিভিন্ন উপজেলা হাসপাতালে সন্দেহভাজন ১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় এর মধ্যে ৬ জনের পজেটিভ আসে। প্রতিদিন হামের লক্ষণ নিয়ে অনেকেই আসছেন। ঢাকা থেকে রিপোর্ট আসে এজন্য জানতে দেরি হয়।
তিনি আরও বলেন, হামের চিকিৎসার জন্য ৫ বছরের কমবয়সী শিশুদের গুরুত্ব দেওয়া হয় বেশি। সর্দি-জ্বর, হাঁচি-কাশি ও শরীরে র্যাশ বের হওয়া হচ্ছে হামের লক্ষণ। যেসব বাচ্চাদের এই লক্ষণ পাওয়া যায় তাদেরকে আলাদা করে আইসোলেশনে রাখা হয়।
আরআই/এসএন