© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাহুলের মৃত্যুতে কোটি টাকা ক্ষতিপূরণ, প্রযোজনা সংস্থাকে ‘ব্ল্যাক লিস্টে’র দাবি

শেয়ার করুন:
রাহুলের মৃত্যুতে কোটি টাকা ক্ষতিপূরণ, প্রযোজনা সংস্থাকে ‘ব্ল্যাক লিস্টে’র দাবি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১১ পিএম | ৩১ মার্চ, ২০২৬
আউটডোরে শ্যুটিং চলাকালীন পানিতে ডুবে মারা গেছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’র শ্যুটিং করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হন এই অভিনেতা। তার মৃত্যুকে ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন।

ইউনিটের সদস্যদের বয়ানের সঙ্গে পুলিশের হাতে আসা ফুটেজে অসঙ্গতি পাওয়ায় রহস্য আরও দানা বেঁধেছে। এ অবস্থায় শ্যুটিংয়ে তারকাদের নিরাপত্তা সংক্রান্ত বিধিনিষেধ নিয়ে প্রশ্ন তুলেছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন।

অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডবিলউএ) হলো মুম্বাই ভিত্তিক একটি অলাভজনক সংস্থা, যা ভারতের চলচ্চিত্র ও বিনোদন শিল্পের কর্মীদের নিরাপত্তা, অধিকার এবং কল্যাণে কাজ করে।

সোমবার (৩০ মার্চ) অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের অফিশিয়াল এক্স হ্যান্ডলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি তোলার পাশাপাশি বেশ কয়েকটি বিষয় উল্লেখ করেছে।

তাদের দাবি, ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের প্রযোজনা সংস্থা এবং সংশ্লিষ্ট চ্যানেলের বিরুদ্ধে 'খুনে'র অভিযোগে এফআইআর দায়েরের পাশাপাশি সংশ্লিষ্ট সিরিয়ালের সঙ্গে যুক্ত প্রযোজক, প্রযোজনা সংস্থা এবং চ্যানেলকেও কালো তালিকাভুক্ত করা হোক। এছাড়াও রাহুলের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি তুলেছে সংগঠনটি।

সংগঠনটি আরও বলেন, ‘এটা নিছক দুর্ঘটনা নয়, বরং কাঠামোগত ব্যর্থতা। প্রযোজনা সংস্থার গাফিলতিতেই মৃত্যু হয়েছে অভিনেতার। আমাদের সংগঠনের তরফে একাধিকবার সতর্ক করা হয়েছে যে প্রযোজনা সংস্থা ও চ্যানেল কর্তৃপক্ষ খরচ কমানোর জন্য প্রায়ই শিল্পীদের নিরাপত্তাব্যবস্থার সঙ্গে আপস করে থাকে। যার ফলে কর্মী ও শিল্পীদের জীবন চরম ঝুঁকির মুখে পড়ে। প্রায় প্রতিবছরই ভারতের বিভিন্ন প্রান্তের এমন দুর্ঘটনা ঘটে, যেখানে অনিরাপদ কাজের পরিবেশের কারণে টেকনিশিয়ান, সাধারণ কর্মী ও শিল্পীদের প্রাণহানি ঘটে।’

এ ধরনের ঘটনাগুলো প্রায়ই ধামাচাপা দেয়া হয় এবং দোষী ব্যক্তিদের শাস্তির উদাহরণও অত্যন্ত বিরল। সে পরিপ্রেক্ষিতেই রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে দোষী ব্যক্তিদের কড়া শাস্তির দাবি জানাচ্ছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওডিশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির কাছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিও তুলেছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন।

কেএন/এসএন

মন্তব্য করুন