ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল
ছবি: সংগৃহীত
০২:২৬ পিএম | ৩১ মার্চ, ২০২৬
ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে দেশে পৌঁছেছে আরও ৭ হাজার টন ডিজেল। মঙ্গলবার (৩১ মার্চ) ডিজেলের চালানটি দেশে এসে পৌঁছায়। এর আগে শনিবার পাইপলাইনের মাধ্যমে এই ৭ হাজার মেট্রিক টন ডিজেলের চালান দেশে আসা শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন্স) কাজী মো. রবিউল আলম। তিনি বলেন, ৩১ মার্চ এই ৭ হাজার মেট্রিক টন তেল আসা পুরোপুরি সম্পন্ন হয়েছে।
এর আগে গত শুক্রবার বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপ লাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে প্রায় অর্ধলক্ষাধিক লিটার বা পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল তেল এসে পৌঁছায়। জ্বালানি তেল সরবরাহ ঠিক রাখার লক্ষে শুক্রবার ছুটির দিনেও ডিপো খোলা রাখে কর্তৃপক্ষ।
এর আগে ২৪ মার্চ দুপুরে ভারতের আসামে অবস্থিত নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপলাইনে দিনাজপুরের পার্বতীপুরে রেলহেড ওয়েল ডিপোতে ৫৭ লাখ লিটার বা পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল তেল সরবরাহ কার্যক্রম শুরু হয়। প্রায় ৬০ ঘণ্টা পর শুক্রবার সকাল ৬টার দিকে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের রিসিপ্ট টার্মিনালে এসব ডিজেল তেল পৌঁছায়। এর আগে চলতি বছরে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে তিন ধাপে ১৫ হাজার মেট্রিক টন ডিজেল তেল আনা হয়েছে।
আরআই/এসএন