সম্পর্কের গুঞ্জনের মাঝেই নতুন সিদ্ধান্ত মালাইকার!
ছবি: সংগৃহীত
০৭:৫০ পিএম | ৩১ মার্চ, ২০২৬
সম্পর্কের নতুন গুঞ্জনের মধ্যেই আবারও আলোচনায় মালাইকা অরোরা। সম্প্রতি এক হিরে ব্যবসায়ীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে যে জল্পনা চলছিল, তা আরও জোরালো হয়েছে মহারাষ্ট্রের পালি জেলার একটি জৈন মন্দিরে একসঙ্গে উপস্থিত হওয়ার ঘটনায়। আর সেই আলোচনার মাঝেই নিজের বাসস্থান নিয়ে বড় আর্থিক সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।
সাম্প্রতিক সময়ে হর্ষ মেটা-র সঙ্গে মালাইকার সম্পর্ক নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছে। যদিও এ বিষয়ে সরাসরি কিছু বলেননি তিনি, তবু মন্দিরে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার পর নতুন করে প্রশ্ন উঠেছে ব্যক্তিগত সম্পর্কের ইঙ্গিত কি এবার আরও স্পষ্ট হলো?

সেদিন মন্দির প্রাঙ্গণে মালাইকাকে দেখা যায় সাদা পোশাকে, আর হর্ষ ছিলেন গাঢ় নীল শার্ট ও ধূসর প্যান্টে। মন্দিরের বাইরে দুজনকে একসঙ্গে ঘিরে ধরে আলোকচিত্রীদের ক্যামেরা। মুহূর্তেই সেই ছবি ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে।
এই ঘটনার পরই সামনে আসে মালাইকার আরেক সিদ্ধান্তের খবর। পশ্চিম বান্দ্রায় তাঁর মালিকানাধীন একটি বিলাসবহুল ফ্ল্যাট দীর্ঘমেয়াদে ভাড়ায় দিয়েছেন তিনি। জানা গেছে, তিন বছরের জন্য মাসে তিন লক্ষ দশ হাজার রুপিতে ভাড়া দেওয়া হয়েছে ওই বাসস্থান।
চুক্তি অনুযায়ী, এক বছর পর ভাড়ার পরিমাণ পাঁচ শতাংশ বাড়বে। তখন মাসিক আয় হবে তিন লক্ষ পঁচিশ হাজার রুপি। তৃতীয় বছরেও একই হারে ভাড়া বাড়বে। সব মিলিয়ে তিন বছরে এক কোটিরও বেশি অর্থ পাবেন অভিনেত্রী।
বাড়িটি যে আবাসনে রয়েছে, সেটি শহরের অন্যতম অভিজাত এলাকায়। ফলে এই সিদ্ধান্তকে অনেকেই দেখছেন আর্থিক পরিকল্পনার অংশ হিসেবে।
গত বছর এক আন্তর্জাতিক সংগীতানুষ্ঠানে প্রথম মালাইকা ও হর্ষকে একসঙ্গে দেখা গিয়েছিল। এরপর থেকেই সম্পর্কের গুঞ্জন ঘন হয়। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে চলা আলোচনা হালকাভাবে এড়িয়ে যান তিনি।
তবু মন্দিরে একসঙ্গে উপস্থিতি এবং তার পরপরই সম্পত্তি নিয়ে এই সিদ্ধান্ত দুই ঘটনাই এখন বিনোদন অঙ্গনের আলোচনায়।
পিআর/টিএ