© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সত্যি কী অন্তঃসত্ত্বা পুনম পাণ্ডে? নতুন করে আলোচনায় অভিনেত্রী!

শেয়ার করুন:
সত্যি কী অন্তঃসত্ত্বা পুনম পাণ্ডে? নতুন করে আলোচনায় অভিনেত্রী!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫২ পিএম | ৩১ মার্চ, ২০২৬
আবারও আলোচনার কেন্দ্রে পুনম পাণ্ডে। মঙ্গলবার সকালে নিজের একটি ছবি প্রকাশ করে সামাজিক মাধ্যমে নতুন জল্পনার জন্ম দিলেন তিনি। ছবিতে দেখা যায়, স্ফীত উদর স্পষ্টভাবে ফুটে উঠেছে, আর তার সঙ্গে রয়েছে শিশুর বোতল ও নবজাতকের প্রতীকচিহ্ন। মুহূর্তেই ছড়িয়ে পড়ে প্রশ্ন তবে কি সত্যিই মা হতে চলেছেন পুনম?

ছবিতে তাঁর উপস্থিতি ছিল একেবারেই অনাড়ম্বর। এলোমেলো চুল, সাজহীন মুখ, আর চোখে-মুখে রহস্যময় অভিব্যক্তি সব মিলিয়ে ছবিটি ঘিরে কৌতূহল আরও বেড়ে যায়। তবে পোস্টের সঙ্গে সরাসরি কিছু না বলায় জল্পনা থামেনি, বরং আরও বিস্তৃত হয়েছে।



অনেকেই মনে করছেন, এটি হয়তো ব্যক্তিগত জীবনের নতুন বার্তা। কারণ, ২০২০ সালে স্যাম বম্বে-র সঙ্গে বিয়ের পর খুব অল্প সময়েই সম্পর্কে ভাঙন আসে। স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে আলাদা হয়ে যান পুনম। সেই থেকে তাঁদের দূরত্বই ছিল আলোচনায়। ফলে নতুন এই ছবির পর প্রশ্ন উঠছে জীবনে কি নতুন কেউ এসেছেন, নাকি পুরনো সম্পর্কে বদল এসেছে?

তবে নেটমাধ্যমের আরেকটি বড় অংশ বিষয়টিকে দেখছে ভিন্নভাবে। তাঁদের ধারণা, এটি হয়তো আবারও প্রচারের কৌশল। কারণ, এর আগেও চমকপ্রদ ঘোষণার মাধ্যমে আলোচনায় এসেছেন পুনম।

দুই বছর আগে নিজের মৃত্যুর খবর ছড়িয়ে বড় বিতর্কের জন্ম দিয়েছিলেন তিনি। তখন তাঁর সামাজিক মাধ্যমে জানানো হয়েছিল, জরায়ুর ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। সেই খবর দ্রুত ছড়িয়ে পড়লেও অল্প সময়ের মধ্যেই নিজেই সামনে এসে জানান, এটি ছিল সচেতনতা তৈরির প্রচারাভিযান। ঘটনাটি নিয়ে তীব্র সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাঁকে।

সেই পুরনো ঘটনার স্মৃতি এখনও অনেকের মনে তাজা। তাই নতুন ছবিকেও অনেকে সন্দেহের চোখে দেখছেন। তবে এখন পর্যন্ত এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি পুনম।

নীরবতা যত দীর্ঘ হচ্ছে, কৌতূহলও তত বাড়ছে। সত্যিই কি নতুন অধ্যায় শুরু হতে চলেছে, নাকি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকার কৌশল সেটিই এখন দেখার।

পিআর/টিএ

মন্তব্য করুন