© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কেন আজও পানিতে নামতে ভয় পান লারা দত্ত?

শেয়ার করুন:
কেন আজও পানিতে নামতে ভয় পান লারা দত্ত?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০০ পিএম | ৩১ মার্চ, ২০২৬
শুটিংয়ের একটি দৃশ্য যে জীবনের ভয়াবহ স্মৃতি হয়ে থাকবে, তা হয়তো কল্পনাও করেননি লারা দত্ত। সমুদ্রের জলে একটি গানের দৃশ্য ধারণ করতে গিয়ে একসময় এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, যখন কয়েক মুহূর্তের জন্য তাঁর জীবনই ঝুঁকির মুখে পড়ে। সেই অভিজ্ঞতার পর বহু বছর কেটে গেলেও জলের প্রতি ভয় পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি তিনি।

ঘটনাটি ঘটে ২০০৩ সালে আন্দাজ ছবির শুটিংয়ের সময়। ওই ছবিতে লারার সঙ্গে ছিলেন অক্ষয় কুমার এবং প্রিয়াঙ্কা চোপড়া। সমুদ্রের মাঝখানে একটি গানের দৃশ্য ধারণ চলছিল। সেই সময় লারা সাঁতার জানতেন না, অথচ ভারী পোশাক পরে পানির মধ্যে অভিনয় করছিলেন।

শুটিং চলার মাঝেই আচমকা একটি বড় ঢেউ এসে আঘাত হানে। মুহূর্তের মধ্যে ঢেউ টেনে নিয়ে যায় লারা ও অক্ষয়কে। লারা পরে জানিয়েছেন, কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি জলের নিচে চলে যান। ভারী চামড়ার পোশাক ভিজে আরও ভারী হয়ে ওঠায় নিজেকে প্রায় পাথরের মতো ডুবে যেতে অনুভব করছিলেন।



সংকটময় সেই মুহূর্তে দ্রুত তাঁর দিকে সাঁতরে যান অক্ষয়। সময় নষ্ট না করে লারাকে ধরে টেনে উপরে তোলেন। এরই মধ্যে সেটে থাকা অন্য সদস্যেরাও ছুটে আসেন। পরে তাঁকে তীরে তুলে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেদিনের শুটিং আর এগোয়নি।

এই অভিজ্ঞতা এতটাই গভীর ছাপ ফেলেছিল যে দীর্ঘ সময় জল দেখলেই আতঙ্ক কাজ করত তাঁর মধ্যে। পরে আবারও ব্লু ছবিতে অক্ষয়ের সঙ্গে কাজ করতে হয়, যেখানে জলের নিচেই ছিল অনেক দৃশ্য। সেই সময়ও পুরনো ভয় ফিরে এসেছিল বলে জানিয়েছেন লারা।

তখন অক্ষয়ই তাঁকে সাঁতার শেখার পরামর্শ দেন, যাতে জলের ভয় কিছুটা কাটে। তবু সেই প্রথম দুর্ঘটনার স্মৃতি আজও তাঁর মনে অমলিন।


পিআর/টিএ

মন্তব্য করুন