© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বকাপের আগে বরখাস্ত হলেন ঘানার কোচ অটো আদ্দো

শেয়ার করুন:
বিশ্বকাপের আগে বরখাস্ত হলেন ঘানার কোচ অটো আদ্দো

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:১৬ এএম | ০১ এপ্রিল, ২০২৬
বিশ্বকাপ শুরুর মাত্র ৭২ দিন আগে বড় ধরনের সিদ্ধান্ত নিল ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ)। জাতীয় দলের প্রধান কোচ অটো আদ্দোকে বরখাস্ত করেছে তারা। জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচে ২-১ গোলে হারের পরপরই এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

জার্মানির বিপক্ষে ম্যাচে ঘানার পারফরম্যান্স ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ম্যাচজুড়েই তারা লড়াই করেছে, তবে শেষ মুহূর্তে দেনিজ উনদাভের গোলের কারণে ২-১ ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

এই হারের পাশাপাশি সাম্প্রতিক সময়ে ঘানার পারফরম্যান্স ছিল হতাশাজনক। জার্মানির বিপক্ষে হারসহ টানা চারটি ম্যাচে জয়ের মুখ দেখেনি তারা। চলতি আন্তর্জাতিক বিরতিতে প্রথম ম্যাচে অস্ট্রিয়ার কাছে ৫-১ ব্যবধানে বড় হার এবং এর আগে গত নভেম্বরেও এশিয়ার দুই শক্তিশালী দল জাপান ও সাউথ কোরিয়ার বিপক্ষে হেরেছিল দলটি। ধারাবাহিক এই ব্যর্থতাই বরখাস্ত হলেন কোচ।



এক বিবৃতিতে জিএফএ জানায়, দলের জন্য অবদান রাখায় তারা অটো আদ্দোর প্রতি কৃতজ্ঞ এবং তার ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা জানিয়েছে। একই সঙ্গে জানানো হয়, জাতীয় দলের নতুন টেকনিক্যাল পরিকল্পনা ও দিকনির্দেশনা যথাসময়ে ঘোষণা করা হবে।

৫০ বর্ষী অটো আদ্দো দ্বিতীয় দফায় ঘানার জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন ২০২৪ সালের মার্চে। এর আগে ২০২২ সালের মে থেকে ডিসেম্বর পর্যন্ত তিনি প্রথম দফায় জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। তার অধীনেই ২০২২ সালের বিশ্বকাপে অংশ নেয় ঘানা।

কাতার বিশ্বকাপে ঘানা প্রথম ম্যাচে পর্তুগালের কাছে ৩-২ গোলে হারলেও দ্বিতীয় ম্যাচে একই ব্যবধানে সাউথ কোরিয়াকে হারিয়ে চমক দেখায়।

তবে শেষ ম্যাচে উরুগুয়ের কাছে ২-০ গোলে হেরে গ্রু পর্ব থেকেই বিদায় নিতে হয় দলটিকে। সেই আসরেই আদ্দো ঘানার ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে খেলোয়াড় ও কোচ দুই ভূমিকাতেই বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করার অনন্য কীর্তি গড়েন।

পরবর্তীতে ২০২৪ সালের মার্চে আবার দায়িত্ব নিয়ে তিনি ঘানাকে আরও একটি বিশ্বকাপে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে তার দ্বিতীয় দফার মেয়াদে বড় ব্যর্থতা ছিল আফ্রিকা কাপ অব নেশনসে ঘানার যোগ্যতা অর্জন করতে না পারা।

আসন্ন বিশ্বকাপে পঞ্চমবারের মতো অংশ নিতে যাওয়া ঘানা রয়েছে ‘এল গ্রুপে’, যেখানে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, ইংল্যান্ড এবং পানামা।

আগামী ১৭ জুন টরন্টোতে পানামার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে দলটি।

এমআর/টিএ 


মন্তব্য করুন