© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জ্বালানির দাম দ্বিগুণ, এশিয়াজুড়ে বিমান ভাড়ায় চাপ

শেয়ার করুন:
জ্বালানির দাম দ্বিগুণ, এশিয়াজুড়ে বিমান ভাড়ায় চাপ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২২ এএম | ০১ এপ্রিল, ২০২৬
বিশ্বব্যাপী জ্বালানি বাজারের অস্থিরতার প্রভাব পড়েছে বিমান চলাচলের ওপর। ফুয়েলের দাম দ্বিগুণেরও বেশি বাড়ায় একের পর এক জরুরি পদক্ষেপ নিচ্ছে এশিয়ার বিভিন্ন দেশ। ফ্লাইট পুনর্বিন্যাস থেকে শুরু করে টিকিটের দাম বাড়ানো, সব পথেই হাঁটছে বিমান পরিচালনাকারী সংস্থাগুলো।


ইরান যুদ্ধের প্রভাব বিশ্ব জ্বালানি বাজারে। অর্থনীতির এ অনিশ্চয়তায় চাপ বাড়ছে আকাশ পথেও। জ্বালানি সংকটে জরুরি পদক্ষেপ নিচ্ছে এশিয়ার বিভিন্ন দেশের বিমান পরিচালনাকারী সংস্থা। এরই মধ্যে জরুরি অবস্থায় যাচ্ছে দক্ষিণ কোরিয়ার জাতীয় বিমান সংস্থা কোরিয়ান এয়ার।

জেট ফুয়েলের খরচ হঠাৎ বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটি অভ্যন্তরীণ খরচ কমানোর পরিকল্পনা নিয়েছে। এই পদক্ষেপের মধ্যে থাকতে পারে বিনিয়োগ স্থগিত, ফ্লাইট কমানো কিংবা ব্যয় সংকোচন। একই চাপে দেশটির এশিয়ান ও এয়ার বোসান এয়ারলাইন্স।


বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হলেও তেলের সবচেয়ে বড় আমদানিকারক দেশ চীন। বৈশ্বিক জ্বালানি ধাক্কা সরাসরি প্রভাব ফেলেছে দেশটির বিমান খাতে। এই পরিস্থিতিতে চীনের এভিয়েশন সেক্টর উচ্চ ব্যয়ের চাপ ও বাজার অনিশ্চয়তায় পড়েছে।

এরই মধ্যে ফ্লাইটে ফুয়েল সারচার্জ বাড়িয়েছে চায়না সাউর্দান এয়ারলাইন্স এবং চায়না ইস্টার্ন এয়ারলাইন্স। এই অতিরিক্ত চার্জ সরাসরি চাপানো হচ্ছে যাত্রীদের ওপর।

প্রস্তুতিমূলক অবস্থায় রয়েছে জাপান। ভারতে এয়ার ইন্ডিয়া মধ্যপ্রাচ্যের ফ্লাইট পুনর্বিন্যাস করছে। ফ্লাইট কমারও আশঙ্কা করা হচ্ছে। ভাড়া বাড়িয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। যেখানে জ্বালানি খরচ তাদের মোট ব্যয়ের প্রায় ৩০ শতাংশ। জ্বালানি সংকটে ফ্লাইট বন্ধ হতে পারে বলে সতর্ক করেছে ফিলিপিন্সও।

টিজে/এসএন 

মন্তব্য করুন