অবৈধ তেল মজুত ঠেকাতে ‘ফুয়েল পাস’ ব্যবস্থা চালু করবে সরকার
ছবি: সংগৃহীত
১০:২৮ এএম | ০১ এপ্রিল, ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর ফলে দেশের গ্রাহকদের মধ্যে জ্বালানি তেল অবৈধভাবে মজুদের প্রবণতা বেড়েছে। এই প্রবণতা ঠেকাতে এপ্রিল থেকেই কিউআর কোডভিত্তিক ডিজিটাল ‘ফুয়েল পাস’ ব্যবস্থা চালু করার প্রস্তুতি নিচ্ছে সরকার।
জ্বালানি বিভাগ সূত্র জানায়, মোবাইল অ্যাপভিত্তিক এই ব্যবস্থার মাধ্যমে প্রাথমিকভাবে মোটরসাইকেলে জ্বালানি বিতরণ করা হবে। শিগগির কয়েকটি স্থানে পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি চালু করা হতে পারে।নিবন্ধিত যানবাহন নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি কিনতে পারবে।
জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী বলেন, ‘আমরা ইতোমধ্যে একটি অ্যাপস ডেভেলপ করছি। আশা করছি, এক সপ্তাহের মধ্যে দুই-একটি জায়গায় টেস্ট হিসেবে এটি চালু করতে পারব।’
তিনি বলেন, একসঙ্গে সারা দেশে এই ব্যবস্থা চালু করা সহজ নয়। তাই প্রথমে নির্দিষ্ট কিছু যানবাহন লক্ষ্য করে দ্রুত একটি কার্যকর পর্যায়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।
এদিকে, দেশের কয়েকটি জেলায় জ্বালানি বিক্রি নিয়ন্ত্রণে ম্যানুয়াল ফুয়েল কার্ড চালু করেছে জেলা প্রশাসন। সাতক্ষীরা, ঠাকুরগাঁও, চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে পেট্রল ও অকটেন কেনার ক্ষেত্রে এই কার্ড বাধ্যতামূলক করা হয়েছে।
সাতক্ষীরায় মোটরসাইকেলে তেল নিতে জেলা প্রশাসকের স্বাক্ষরযুক্ত ফুয়েল কার্ড দেখাতে হচ্ছে। ওই কার্ডে চালক ও যানবাহনের তথ্য থাকে এবং পাম্পে তেল নেওয়ার সময় সেখানে তেলের পরিমাণ লিখে রাখা হয়।
আরআই/এসএন