© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মহাসড়ক দখলের হুমকি দিলেন বিএনপি নেতা

শেয়ার করুন:
মহাসড়ক দখলের হুমকি দিলেন বিএনপি নেতা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৮ পিএম | ০১ এপ্রিল, ২০২৬
ঢাকা-আরিচা মহাসড়কের ফুটপাত দখল করে হকার পুনর্বাসনের দাবিকে কেন্দ্র করে সাভারে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ইস্যুতে আন্দোলনের ঘোষণা দিয়ে প্রশাসনকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন জাহাঙ্গীর আলম নামে স্থানীয় এক বিএনপি নেতা। জাহাঙ্গীর আলম সাভার পৌর বিএনপি নেতা ও সাভার উপজেলা বিএনপি নেতা ওবায়দুর রহমান অভির ঘনিষ্ঠ সহযোগী।

মঙ্গলবার (৩১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, হকার উচ্ছেদ নয়, বরং তাদের পুনরায় বসিয়ে মহাসড়ক দখলের দাবিতে আন্দোলন গড়ে তোলা হবে। একই সঙ্গে তিনি প্রশাসনসহ স্থানীয়দের এ বিষয়ে সরাসরি চ্যালেঞ্জ জানান। তার এ বক্তব্য ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। তার এ বক্তব্যে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা চলছে।

পোস্টে তিনি দলের অভ্যন্তরীণ কিছু নেতার সমালোচনা করেন। তার ভাষ্য, সাধারণ মানুষকে ব্যবহার করে অনেকেই নিজেদের অবস্থান শক্ত করেন, কিন্তু প্রয়োজনে তাদের পাশে দাঁড়ান না।

আগামী ২ এপ্রিল ঢাকা-আরিচা মহাসড়ক আন্দোলনের ঘোষণা দেন তিনি। একই সঙ্গে ওই কর্মসূচি প্রতিহত করতে চাইলে প্রশাসনকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে চ্যালেঞ্জ দেন ওই নেতা।

সাভারের বিএনপি নেতা ওবায়দুর রহমান অভির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত জাহাঙ্গীরের এমন বক্তব্য ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে, মহাসড়ক দখল করে হকার বসানো এবং সম্ভাব্য চাঁদাবাজির সঙ্গে তিনি নিজে জড়িত কি না, কিংবা কারা তাকে আড়াল থেকে সহায়তা করছে।

এ ঘটনার বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, রাস্তায় হকার বসলে তেমন কোনো যানজটের সৃষ্টি হয় না। অটোরিকশা উল্টাপাল্টা চলার কারণে যানজট সৃষ্টি হয়। বিশেষ করে হকারদের উঠিয়ে দেওয়ার কারণে তারা পরিবার নিয়ে বিপাকে পড়েছেন। প্রতিদিন সকালে আমার বাসার সামনে ১৫-২০ জন হকার গিয়ে বসে থাকে। তাদের দাবি, কর্মসংস্থানের একটা ব্যবস্থা করে দেওয়া। না হলে তারা পরিবার পরিজন নিয়ে না খেয়ে থাকবে। মানবিক কারণে আমি এমনটি বলেছি।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, মহাসড়কের ফুটপাত দখল করে কোনো ধরনের অবৈধ কার্যক্রম বরদাশত করা হবে না। জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

সম্প্রতি সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় পরিচালিত উচ্ছেদ অভিযানে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা হয়। ঈদুল আযহা সামনে রেখে মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে প্রশাসন।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেকোনো ধরনের বিশৃঙ্খলার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে পৌর বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের ওই বক্তব্যে তিনি ঠিক কাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন, এ নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে। প্রশাসন নাকি নিজ দলের নেতাকর্মীদের তা নিয়ে এখন সাভারবাসীর মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

আরআই/এসএন

মন্তব্য করুন