হৃতিক রোশন ও সুজান খানের সম্পর্ক ভাঙার কারণ নিয়ে মুখ খুললেন জায়েদ খান!
ছবি: সংগৃহীত
০৩:৫৭ পিএম | ০১ এপ্রিল, ২০২৬
দীর্ঘ চৌদ্দ বছরের দাম্পত্যজীবনের পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন হৃতিক রোশন ও সুজান খান। সেই সময় তাদের বিচ্ছেদের খবর বলিউডজুড়ে বড় আলোচনার জন্ম দিলেও, সময়ের সঙ্গে দেখা যায় সম্পর্কের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটলেও পারস্পরিক সম্মান ও যোগাযোগ অটুট রয়েছে। এবার সেই সম্পর্ক ভাঙার পেছনের বাস্তবতা নিয়ে মুখ খুললেন সুজানের ভাই জায়েদ খান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জায়েদ জানান, হৃতিক ও সুজানের বিচ্ছেদ ছিল এক ধরনের অনিবার্য সিদ্ধান্ত। তার ভাষ্য, স্বামী-স্ত্রী হিসেবে সারাজীবন একসঙ্গে থাকার মতো জায়গায় তারা আর পৌঁছাতে পারছিলেন না। জোর করে সম্পর্ক ধরে রাখলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠত এবং শেষ পর্যন্ত দুজনকেই কষ্ট পেতে হতো।

জায়েদের কথায়, সম্পর্কের ভাঙনের মধ্যেও দুই সন্তানের প্রতি দায়িত্ববোধই তাদের সবচেয়ে বড় সংযোগ হয়ে থেকেছে। বিচ্ছেদের পরেও সন্তানদের ঘিরেই তারা একে অপরের পাশে থেকেছেন এবং সেই জায়গা থেকেই সম্পর্কের সৌহার্দ্য বজায় আছে।
তিনি আরও জানান, তাদের পরিবার বরাবরই ব্যক্তিগত সিদ্ধান্তকে গুরুত্ব দেয়। তাই হৃতিক ও সুজান নিজেদের ভালো থাকার জন্য আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলে পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি ওঠেনি। সমাজের চাপে সম্পর্ক টিকিয়ে রাখার মানসিকতা তাদের পরিবারে নেই বলেও মন্তব্য করেন তিনি।
জায়েদের মতে, বিচ্ছেদের পরেও দুই মানুষের স্বাভাবিক সম্পর্ক বজায় থাকা অনেকের কাছে অস্বাভাবিক মনে হতে পারে, কারণ সবাই এই ধরনের পরিণত মানসিকতা সহজে গ্রহণ করতে পারেন না। তবে বাস্তবতা হলো, সম্পর্ক শেষ হলেও সম্মান ও বন্ধুত্ব বজায় রাখা সম্ভব।
বর্তমানে দুজনেই নিজেদের জীবন নতুনভাবে সাজিয়েছেন। হৃতিকের বর্তমান সঙ্গী সাবা আজাদকে তাদের পরিবার খুবই পছন্দ করে বলেও জানিয়েছেন জায়েদ। তার এই মন্তব্য নতুন করে আবারও আলোচনায় এনেছে হৃতিক-সুজানের পুরোনো সম্পর্কের অধ্যায়।
পিআর/টিকে