বরিশালে চরমোনাই ঘাটে লঞ্চডুবি
ছবি: সংগৃহীত
০৪:৪২ পিএম | ০১ এপ্রিল, ২০২৬
বরিশালের চরমোনাইয়ে বাৎসরিক মাহফিলকে কেন্দ্র করে রিজার্ভ একটি যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনা ঘটেছে।
আজ বুধবার (১ এপ্রিল) দুপুরে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ডুবে যাওয়া এমভি মানিক-৪ লঞ্চটি মঙ্গলবার (৩১ মার্চ) রাতে চরমোনাই মাহফিলের উদ্দেশে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসে। লঞ্চটি ভোররাতে যাত্রী নামিয়ে দিয়ে ঘাটে অবস্থান করছিল। ভাটার কারণে পানি কমে গেলে লঞ্চের পেছনের দিকটা ডেবে গিয়ে দুপুরের দিকে লঞ্চটি ডুবে যায়। তবে এ সময় কেউ ভেতরে না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে লঞ্চের ভেতরে রাখা মুসল্লিদের বেশ কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
লঞ্চ সংশ্লিষ্ট ও প্রত্যক্ষদর্শীদের ধারণা, লঞ্চটি মজবুতভাবে বেঁধে না রাখায় পানি কমে যাওয়ার সাথে সাথে এ দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দিয়েছেন চরমোনাই মাহফিলের মিডিয়া সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ।
উল্লেখ্য, আজ বুধবার (১ এপ্রিল) দুপুরে উদ্বোধনী বয়ানের মধ্যদিয়ে তিনদিনব্যাপী বার্ষিক মাহফিল শুরু হয়েছে।
ইউটি/টিএ