নারায়ণগঞ্জে থানায় এসে মামলা আছে জেনে পলায়ন আসামির, অভিযানে গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
০৫:০৬ পিএম | ০১ এপ্রিল, ২০২৬
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে কৌশলে পালিয়ে যাওয়া এক মামলার আসামিকে অভিযান চালিয়ে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত ২টায় বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
এর আগে, এদিন রাত সাড়ে ১১টার দিকে উপজেলার উচিৎপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম ইসমাঈল (৩০)।
পুলিশ জানায়, খাগকান্দা ইউনিয়নের চর কমলাপুর গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন ২৯ মার্চ আড়াইহাজার থানায় ১৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলায় দণ্ডবিধির ১৪৩/৩০৭/৩২৩/৩২৪/৩২৬/৫০৬/১১৪ ধারায় অভিযোগ আনা হয়। ওই মামলার ৫ নম্বর এজাহারভুক্ত আসামি ইসমাঈল গত সোমবার বিকেলে থানায় উপস্থিত হয়ে নিজের বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি জানতে পেরে কৌশলে সেখান থেকে পালিয়ে যান।
পরে, মঙ্গলবার রাতে এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে একটি দল উচিৎপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে পলাতক তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘থানা থেকে পালিয়ে যাওয়ার ঘটনা গুরুত্বের সঙ্গে নিয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানের মাধ্যমে দ্রুত আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।’
তিনি আরো বলেন, ‘থানা থেকে আসামি পালানোর ক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কারো অবহেলা রয়েছে কি না সে বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ইউটি/টিএ