© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাল্যবিবাহের দায়ে লুবাবার মা-বাবার শাস্তি দাবি

শেয়ার করুন:
বাল্যবিবাহের দায়ে লুবাবার মা-বাবার শাস্তি দাবি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৬ পিএম | ০১ এপ্রিল, ২০২৬
ধর্মীয় অনুশাসনের পথে হাঁটার ঘোষণা দিয়ে বছরখানেক আগে শোবিজ ছেড়েছিলেন আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। এর মধ্যে সম্প্রতি নতুন জীবনে পা রেখে আবারও আলোচনায় তিনি। তবে তার এই বিয়ে ঘিরে উঠেছে বাল্যবিবাহের অভিযোগ, যা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।

গতকাল ফেসবুক পোস্টে লুবাবা লেখেন, ‘আলহামদুলিল্লাহ।

দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বিন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।’ যা থেকে তার বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

এদিকে লুবাবার ওই পোস্টে অভিনন্দন জানিয়ে মন্তব্য করেন চিত্রনায়িকা বর্ষা (অনন্ত জলিলের স্ত্রী হিসেবে পরিচিত)। পরবর্তীতে নিজের ফেসবুক পেজেও শুভকামনা জানান তিনি, যা বিয়ের গুঞ্জনকে আরো জোরালো করে।

তবে নেটিজেনদের একটি বড় অংশের দাবি, লুবাবা বাল্যবিবাহ করেছেন। তাকে ১৫-১৬ বছরের কিশোরী উল্লেখ করে তারা বলছেন, আইন অনুযায়ী এটি দণ্ডনীয় অপরাধ।

মাত্র ১৫ বছর বয়সে বিয়ের খবর সামনে আসার পর থেকেই প্রশ্ন উঠেছে এটি আইনত বৈধ কি না।

যদিও বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু জানাননি সিমরিন লুবাবা বা তার পরিবার। তার মা জাহিদা ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।

সামাজিক মাধ্যমে অনেকেই এ ঘটনার সত্যতা প্রমাণিত হলে তার মা-বাবার শাস্তি দাবি করেছেন। একজন ব্যবহারকারী লেখেন, “ঘটনা যদি সত্য হয়, ওর মা-বাবাকে আইনের আওতায় আনা উচিত।

বাল্যবিবাহ কখনোই সমর্থনযোগ্য নয়।”



আরেকজন মন্তব্য করেন, “বাল্যবিয়ে প্রতিরোধ করা জরুরি হয়ে পড়েছে।” কেউ কেউ সরাসরি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছেন।

উল্লেখ্য, বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী কন্যার বয়স ১৮ বছরের নিচে হলে সেই বিয়ে বাল্যবিবাহ হিসেবে গণ্য হয় এবং এতে জড়িত অভিভাবকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।

তবে পুরো বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত নীরব রয়েছেন সিমরিন লুবাবা ও তার পরিবার। ফলে গুঞ্জন, অভিযোগ এবং সামাজিক প্রতিক্রিয়ার মাঝেই বিষয়টি ঝুলে আছে।


পিআর/টিকে


মন্তব্য করুন