© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুমিল্লায় কুকুরকে লাথি দেওয়ার প্রতিবাদ করায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

শেয়ার করুন:
কুমিল্লায় কুকুরকে লাথি দেওয়ার প্রতিবাদ করায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

মোবাইল জার্নালিস্ট, কুমিল্লা
০১:০৩ এএম | ০২ এপ্রিল, ২০২৬
কুমিল্লায় কুকুরকে লাথি দেওয়ার প্রতিবাদ করায় প্রতিপক্ষের মারধরে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) রাতে জেলার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের পূর্ব নারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত বৃদ্ধের নাম জুলুস মিয়া (৫৫)। তিনি সুবিল ইউনিয়নের পূর্ব নারায়নপুর গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে। বৃদ্ধের মৃত্যুর বিষয়টি মধ্যরাতে নিশ্চিত করেছেন দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান। 

স্থানীয়রা জানা যায়, পূর্ব নারায়নপুর গ্রামের সিদ্দিকের ছেলে কামাল দোকা‌নের সাম‌নে থাকা একটি কুকুরকে লাথি দিলে জুলুস মিয়া এর প্রতিবাদ করেন। এ নিয়ে তাদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। যা পরে হাতাহাতিতে রূপ নেয়। একপর্যায়ে কামালের ভাই আনোয়ার (২৮), আলী আহম্মদ (৩০) এবং চাচাতো ভাই ফখরুল মিলে জুলুস মিয়াকে এলোপাতাড়ি পিটাতে থাকেন। এ সময় কামাল জুলুস মিয়ার অণ্ডকোষে লাথি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

প্রত্যক্ষদর্শী ও নিহতের নাতি আকাশ বলেন, ‘আমি বাড়ির পাশে একটি মাচায় বসে ছিলাম। হঠাৎ চিৎকার শুনে গিয়ে দেখি আমার দাদা মাটিতে পড়ে আছেন, আর বাকিরা দৌড়ে পালিয়ে যাচ্ছে। এ সময় আনোয়ার নামে একজন দা নিয়ে আমার দিকে তেড়ে আসে। পরে স্থানীয়রা দাদাকে হাসপাতালে পাঠান। সেখানেই তার মৃত্যুর খবর পাই।’   

নিহতের ভাতিজা মো. রোমান বলেন, ‘আমার চাচার ৫ ছেলে ও ২ মেয়ে রয়েছে। তিনি কৃষিকাজ করে পরিবার চালাতেন। এখন এই দরিদ্র পরিবারের ভবিষ্যৎ কী হবে বুঝতে পারছি না।’

নিহতের বড় ছেলে ইব্রাহিম (১৪) কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার বাবাকে যারা এভাবে নির্মমভাবে হত্যা করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।’

এমআর/টিএ 

মন্তব্য করুন