সিরাজগঞ্জে পানির ট্যাংকি থেকে ডিজেল উদ্ধার করল পুলিশ
ছবি: সংগৃহীত
০৭:৩৩ এএম | ০২ এপ্রিল, ২০২৬
সিরাজগঞ্জে পৃথক অভিযানে অবৈধভাবে মজুত রাখা বিপুল পরিমাণ ডিজেল জব্দ করেছে জেলা পুলিশ। বুধবার (১ এপ্রিল) বিকেলে জেলার উল্লাপাড়া ও রায়গঞ্জ উপজেলায় এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় রায়গঞ্জ উপজেলার একটি ঝুপড়ি ঘরে থাকা দুটি পানির ট্যাংকির মধ্যে মজুত করা ১০০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।
অন্যদিকে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা এলাকার চরিয়া এলাকায় মহাসড়কের পাশে অবৈধভাবে পাম্প বসিয়ে তেল মজুত করার খবর পেয়ে অভিযান চালানো হয়। সেখানে অভিযান চালিয়ে ১১০০ লিটার ডিজেল জব্দ করা হয়।
এই দুই স্থান মিলিয়ে মোট দুই হাজার একশ লিটার ডিজেল জব্দ করে জেলা পুলিশ। এই ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ এবং উভয় স্থানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবেও বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম দেশের একটি গণমাধ্যমকে বলেন, রায়গঞ্জ উপজেলার দুটি ট্যাংকিতে ৪৫০ লিটার করে আনুমানিক ১ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। অন্যদিকে উল্লাপাড়ায় ১১০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে।
অভিযানকালে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল রহমান, সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ, সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম, রায়গঞ্জ থানার ওসি আহসানুল ইসলাম এবং সলঙ্গা থানার ওসি সাকিউল আযম।
এমআই/এসএন