© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১০ ঘণ্টা পরও সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

শেয়ার করুন:
১০ ঘণ্টা পরও সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৫ এএম | ০২ এপ্রিল, ২০২৬
১০ ঘণ্টা পরও সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়নি। রেল যোগাযোগ বন্ধ থাকায় সিলেটগামী যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন করে যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানান সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৭টায় শেষ খবর পাওয়া পর্যন্ত হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের কাছে সিলেটগামী লাইনচ্যুত তেলবাহী ট্রেনটি উদ্ধারের কাজ চলছে।

এর আগে বুধবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার মনতলা রেলস্টেশনের কাছে হবিগঞ্জের মাধবপুরে সিলেটগামী তেলবাহী ট্রেনটির লাইনচ্যুত হয়। তেলভর্তি ট্রেনটির চারটি ট্যাংক (ওয়াগন) ও একটি গার্ড ব্রেক লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল চলাচল বন্ধ হয়ে যায়। 

এ দিকে ছিটকে পড়া তেলের ওয়াগন থেকে তেল সংগ্রহ করতে স্থানীয়দের মধ্যে চরম হট্টগোলের সৃষ্টি হয়েছে। যে যেভাবে পারছে পাত্র নিয়ে তেল সংগ্রহ করতে মরিয়া হয়ে উঠেছে। আশপাশের গ্রামের নারী-পুরুষ বালতি, বাটিসহ বিভিন্ন পাত্র নিয়ে যে যার মত তেল সংগ্রহ করছেন। অনেককে খালের পানিতে নেমে তেল তুলতে দেখা যায়। স্থানীয়দের সামাল দিতে ও উদ্ধার কাজ করতে বিজিবির একাধিক ইউনিট কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি লাইনচ্যুত হয়ে একাধিক বগি ছিন্নভিন্ন হয়ে পড়ে এবং কয়েকটি বগি রেললাইন থেকে ছিটকে পাশের জমিতে পড়ে যায়।

নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মনির মিয়া জানান, সিলেটগামী তেলবাহী ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়ে রেললাইন থেকে ছিটকে পড়ে। দুর্ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালানোর প্রস্তুতি নিচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন করে যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওই স্টেশন মাস্টার।

কেএন/এসএন

মন্তব্য করুন