গত মাসের চেয়ে চলতি মাসে তেলের সংকট দ্বিগুণ হবে: আইইএ প্রধান
ছবি: সংগৃহীত
০৯:০৩ এএম | ০২ এপ্রিল, ২০২৬
ইরানের সঙ্গে ইসরায়েল ও আমেরিকার যুদ্ধ ঘিরে গত মাসের চেয়ে চলতি এপ্রিল মাসে জ্বালানি তেল সরবরাহের ঘাটতি দ্বিগুণ হবে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরল এ কথা জানিয়েছেন বলে বিবিসির লাইভে বলা হয়েছে।
ফাতিহ বিরল বলেন, মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বিঘ্ন ঘটার প্রভাব এপ্রিলে আরও বাড়বে। বিশেষ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচল মারাত্মকভাবে সীমিত হয়ে পড়ায় এটি পর্যায়ক্রমে ইউরোপীয় অর্থনীতিতে বড় আঘাত হানবে।
তিনি বলেন, ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত বাজার থেকে ১২ মিলিয়ন (এক কোটি ২০ লাখ) ব্যারেলেরও বেশি তেলের সরবরাহ কমে গেছে। এর প্রধান কারণ হলো ওই অঞ্চলের জ্বালানি অবকাঠামোতে তেহরানের হামলা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিধিনিষেধ।
ইন গুড কোম্পানি পডকাস্টে ফাতিহ বিরল বলেন, “তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের পাশাপাশি এপ্রিল মাসে তেল সরবরাহে ঘাটতির পরিমাণ মার্চের তুলনায় দ্বিগুণ হবে। এর ফলে বিভিন্ন দেশে মুদ্রাস্ফীতি বাড়বে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাবে।”
তার মতে, চলতি মাসে এই সংকট আরও প্রকট হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ মার্চ মাসে তেলের যে চালানগুলো পৌঁছেছিল, যুদ্ধ শুরুর আগেই সেগুলোর চুক্তি হয়েছিল।
ফাতিহ বিরল আরও উল্লেখ করেন, সবচেয়ে বড় সমস্যা দেখা দিচ্ছে জেট ফুয়েল এবং ডিজেলের ঘাটতি নিয়ে।
ইতোমধ্যে এশিয়ার কিছু দেশ এই সমস্যায় আক্রান্ত হয়েছে এবং শিগগিরই ইউরোপেও এর প্রভাব পড়তে শুরু করবে।
এমআই/এসএন