আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
ছবি: সংগৃহীত
০৯:১১ এএম | ০২ এপ্রিল, ২০২৬
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে একটি বিশেষ লিখিত বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১ এপ্রিল) আবুধাবিতে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠকে প্রধানমন্ত্রীর বৈদেশিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে আনুষ্ঠানিকভাবে এই চিঠিটি হস্তান্তর করেন।
প্রেরিত এই বার্তার মূল উপজীব্য হিসেবে দুই বন্ধুপ্রতিম দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং টেকসই উন্নয়নের লক্ষ্যগুলো উঠে এসেছে।
অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি এবং দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় উপদেষ্টা হুমায়ুন কবির আরব আমিরাতের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের পূর্ণ সংহতি এবং অবিচল সমর্থনের কথা আবারও নিশ্চিত করেন।
বাংলাদেশের এমন বন্ধুত্বপূর্ণ অবস্থানের কারণে আমিরাতের উপ-প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, বাংলাদেশ তাদের একটি ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম রাষ্ট্র। পাশাপাশি দুই দেশের জনগণের পারস্পরিক স্বার্থ রক্ষা ও টেকসই অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে তারা গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।
গুরুত্বপূর্ণ এই কূটনৈতিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী সুহাইল বিন মোহাম্মদ আল মাজরুই এবং আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদসহ উভয় দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা।
টিজে/এসএন