অবৈধ মজুতের ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি উদ্ধার
ছবি: সংগৃহীত
০১:০৯ পিএম | ০২ এপ্রিল, ২০২৬
সারাদেশে পরিচালিত অভিযানে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। গত ৩ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত সময়ে মোট ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়। এর মধ্যে ডিজেল ২ লাখ ৭১ হাজার ৩৭৪ লিটার, অকটেন ৩০ হাজার ৯৬০ লিটার এবং পেট্রোল ৭০ হাজার ৫৪ লিটার। জ্বালানি বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।
জ্বালানি বিভাগ সূত্র জানায়, অবৈধ মজুত ও বিপণন ঠেকাতে এ সময়ে দেশজুড়ে মোট ৪ হাজার ৮২৪টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানের মাধ্যমে ২ হাজার ৯টি মামলা দায়ের করা হয়েছে।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে মোট ১ কোটি ১ লাখ ৪৩৫ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি ২৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, উদ্ধার অভিযান ও আইনগত পদক্ষেপ জোরদারের ফলে অবৈধভাবে জ্বালানি মজুতের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান প্রতিফলিত হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তারা উল্লেখ করেন।
এসএন