© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব

শেয়ার করুন:
বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০৯ পিএম | ০২ এপ্রিল, ২০২৬
বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব।

মঙ্গলবার (৩১ মার্চ) জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৬তম গভর্নিং বডির অধিবেশনের ফাঁকে আয়োজিত এক মন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়টি উঠে আসে।

বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়নবিষয়ক ভাইস মিনিস্টার তারিক বিন আবদুল আজিজ অংশ নেন।

বৈঠকে সৌদি ভাইস মিনিস্টার বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ কর্মী নিয়োগে তার দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি সৌদি আরবের অর্থনীতি ও উন্নয়নে বাংলাদেশি প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদানের কথাও উল্লেখ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী সৌদি কর্তৃপক্ষের প্রতি বাংলাদেশ থেকে জনশক্তি নিয়োগ বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে দেশে অর্জিত দক্ষতার আনুষ্ঠানিক স্বীকৃতিরও দাবি জানান তিনি।

মন্ত্রী বলেন, এ ধরনের স্বীকৃতি পেলে সৌদি শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের অন্তর্ভুক্তি আরও সহজ হবে। বৈঠকে ভাষাগত দক্ষতা ও কারিগরি সক্ষমতা বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন দক্ষ জনশক্তি গড়ে তুলতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আরও গভীর সহযোগিতার প্রস্তাব দেন।

তিনি বলেন, সৌদির তত্ত্বাবধানে বাংলাদেশে নির্বাচিত কিছু কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের মানোন্নয়ন করা যেতে পারে। পাশাপাশি বিদেশগামী আগ্রহী কর্মীদের জন্য আরবি ভাষা প্রশিক্ষণ আরও সম্প্রসারণের কথাও বলেন তিনি।

বৈঠকে শ্রমসচিব মো. আব্দুর রহমান তারাফদার এবং জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহানও উপস্থিত ছিলেন।

এসএস/টিকে

মন্তব্য করুন