স্কুলের জন্য নিজের বাংলো ভাড়া দিলেন সারা আলি খান
ছবি: সংগৃহীত
০৪:১০ পিএম | ০২ এপ্রিল, ২০২৬
বলিউড অভিনেত্রী সারা আলি খান তার মুম্বাইয়ের বিলাসবহুল বাংলোটি ভাড়ায় দিয়েছেন। তবে কোনো আবাসন বা থাকার জন্য নয়, বাংলোটি ব্যবহৃত হবে একটি স্কুলের কার্যক্রম পরিচালনার জন্য। আগামী ৫ বছরের জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে এই চুক্তি সম্পাদন করেছেন ‘কেদারনাথ’ খ্যাত এই তারকা।
রিয়েল এস্টেট তথ্য বিশ্লেষণকারী সংস্থা ‘সিআরই ম্যাট্রিক্স’-এর নথিপত্র অনুযায়ী, মুম্বাইয়ের আন্ধেরি ওয়েস্ট এলাকায় অবস্থিত এই বাংলোটি থেকে আগামী ৫ বছরে সারা আলি খানের মোট আয় হবে প্রায় ৫ দশমিক ৩৯ কোটি টাকা।

চুক্তির শর্তানুসারে, প্রথম দুই বছর মাসিক ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৫০ হাজার ভারতীয় রুপি। তৃতীয় বছর থেকে ভাড়ার অংক ৫ শতাংশ হারে বৃদ্ধি পাবে। সেই হিসেবে পঞ্চম বছরে গিয়ে প্রতি মাসে সারা পাবেন প্রায় ৭ লাখ ৫২ হাজার ভারতীয় রুপি। ইতিমধ্যেই সিকিউরিটি ডিপোজিট হিসেবে ২০ লাখ ভারতীয় রুপি জমা দিয়েছে ভাড়াটিয়া প্রতিষ্ঠানটি।
সারা আলি খানের এই বাংলোটি ভাড়া নিয়েছে ‘প্রডিজি মন্টেসরি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’ নামক একটি সংস্থা। ৪ হাজার ৫০০ বর্গফুট আয়তনের এই প্রাঙ্গণে মূলত স্কুল সংশ্লিষ্ট বিভিন্ন শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। ওল্ড লোখন্ডওয়ালা কমপ্লেক্সের ‘বেলস্কট কো-অপারেটিভ হাউজিং সোসাইটি’তে অবস্থিত এই বাংলোটি আগামী ১ মে থেকে আনুষ্ঠানিকভাবে ভাড়াটিয়াদের বুঝিয়ে দেওয়া হবে।
বর্তমানে বলিউডের অনেক তারকাই তাদের স্থাবর সম্পত্তি বা অফিস স্পেস ভাড়া দিয়ে নিশ্চিত আয়ের পথ তৈরি করছেন। সম্প্রতি মাধুরী দীক্ষিত লোয়ার পারেল এলাকায় তার বাণিজ্যিক অফিস ভাড়া দিয়েছেন মাসিক ৪ লাখ ২৫ হাজার ভারতীয় রুপিতে। এছাড়া রাকেশ রোশন ও ববি দেওলের মতো তারকারাও মুম্বাইয়ের প্রাইম লোকেশনে তাদের প্রপার্টি লিজ বা ভাড়া দিয়ে নিয়মিত খবরের শিরোনামে আসছেন। সেই তালিকায় এবার যোগ হলো পতৌদি রাজকন্যার এই বড় ডিল।
এসএন