© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুয়েতের রাষ্ট্রদূতের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

শেয়ার করুন:
কুয়েতের রাষ্ট্রদূতের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১২ পিএম | ০২ এপ্রিল, ২০২৬
বাংলাদেশ-কুয়েত ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন ঢাকায় নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী থানায়ুন আব্দুলওয়াহাব হামাদাহ।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী (এমপি) শামা ওবায়েদের সাথে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন তিনি।


বাংলাদেশ ও কুয়েতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করেন তারা এ বৈঠকে। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে টেলিফোনে আলোচনার উদ্যোগ গ্রহণ এবং যুদ্ধের প্রারম্ভিক পর্যায়ে কুয়েতের প্রতি সংহতি প্রকাশ করায় কুয়েত সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান রাষ্ট্রদূত।

পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের অ-হস্তক্ষেপ নীতি এবং বিরোধ নিষ্পত্তিতে শান্তিপূর্ণ কূটনৈতিক সমাধানের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

তিনি কুয়েতে প্রায় ৩ লাখ বাংলাদেশি প্রবাসীর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করায় দেশটির সরকারকে ধন্যবাদ জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন, বিশেষ করে জ্বালানি, অবকাঠামো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং হালাল খাদ্য খাতে।

তিনি কুয়েতি বিনিয়োগকারীদের বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কসমূহে বিনিয়োগের সুযোগ অন্বেষণের আহ্বান জানান।

রাষ্ট্রদূত হামাদাহ জাতিসংঘ (ইউএন) ও ওআইসিসহ বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে কুয়েতের প্রতি বাংলাদেশের সমর্থনের প্রশংসা করেন।

প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের প্রতি মানবিক সহায়তায় কুয়েতের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী প্রয়োজনবোধে কুয়েতকে মানবিক সহায়তা প্রদানে বাংলাদেশের প্রস্তুতির কথা জানান। পাশাপাশি তিনি উচ্চপর্যায়ের সফর বিনিময় এবং বিদ্যমান দ্বিপাক্ষিক প্ল্যাটফর্মগুলোর নিয়মিত বৈঠক আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন, যাতে নতুন সুযোগ চিহ্নিত করে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা যায়।

কুয়েতের রাষ্ট্রদূত বাংলাদেশ এবং কুয়েতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং বাংলাদেশ-কুয়েত ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

ইউটি/টিএ

মন্তব্য করুন