১৯ ঘণ্টা পর ঢাকা-সিলেট রেল যোগাযোগ স্বাভাবিক
ছবি: সংগৃহীত
০৬:২৩ পিএম | ০২ এপ্রিল, ২০২৬
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তেলবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে পড়ায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দীর্ঘ ১৯ ঘণ্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে বুধবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার মনতলা এলাকায়, মনতলা রেলস্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে সিলেটগামী ৯৫১ নম্বর তেলবাহী ট্রেনটি ১৬টি বগি নিয়ে যাচ্ছিল।
পথে মনতলা এলাকায় পৌঁছালে ট্রেনটির ৫টি ওয়েল ট্যাংকার বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এর মধ্যে একটি বগি রেলসেতু থেকে ছিটকে পাশের খালে পড়ে যায়। দুর্ঘটনায় প্রায় ৫০০ মিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার পর ট্যাংকারগুলো থেকে ডিজেল বের হতে শুরু করলে স্থানীয় লোকজন তেল সংগ্রহের জন্য ঘটনাস্থলে ভিড় করে। পরে খবর পেয়ে পুলিশ, বিজিবি এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকট শব্দে একাধিক বগি লাইনচ্যুত হয়ে পড়ে এবং ট্যাংকার থেকে জ্বালানি তেল ছড়িয়ে পড়ে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রেলওয়ের বিভাগীয় ম্যানেজার এ বি এম কামরুজ্জামান জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. মেহেদী হাসানকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ট্রেনের গতি, রেললাইন ত্রুটি ও অন্যান্য সম্ভাব্য কারণ বিবেচনায় নিয়ে তদন্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি আরো জানান, দুর্ঘটনায় জড়িত ট্যাংকারগুলোতে প্রায় দুই লাখ লিটার ডিজেল ছিল, যার মধ্যে ২০ থেকে ৩০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকাজ শেষে বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস দুর্ঘটনাস্থল অতিক্রম করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে খাদে পড়ে থাকা একটি বগি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
ইউটি/টিএ