বিনা চিকিৎসায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, চা শ্রমিকদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত
০৭:০৮ পিএম | ০২ এপ্রিল, ২০২৬
মৌলভীবাজারের কমলগঞ্জে চা-বাগানে কর্মরত এক অন্তঃসত্ত্বা নারীর বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বাগানে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন চা শ্রমিকরা।
মারা যাওয়া নারীর নাম রিয়া বেগম (২২)। তিনি উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা-বাগানে কর্মরত ছিলেন।
একই বাগানের স্থায়ী শ্রমিক সাব্বির মিয়ার স্ত্রী তিনি। এদিকে বিনা চিকিৎসায় রিয়া বেগমের মৃত্যু হয়েছে—এমন অভিযোগ এনে এর প্রতিবাদে বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে কর্মবিরতি পালন করে বিক্ষোভ করেন দেওড়াছড়া চা-বাগানের শ্রমিকরা।
চা শ্রমিকরা জানান, দেওড়াছড়া চা-বাগানের শ্রমিক রিয়া বেগম অন্তঃসত্ত্বা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। পরে তার পরিবারের কাছ থেকে বাগান ব্যপস্থাপকের কাছে চিকিৎসা সহায়তা চাওয়া হয়।
কিন্তু বাগান থেকে কোনো সহায়তা দেওয়া হয়নি।
গত বুধবার (১ এপ্রিল) মধ্যরাতে মারা যান রিয়া। পরে আজ (বৃহস্পতিবার) সকাল থেকে দেওড়াছড়া চা-বাগানের শ্রমিকরা কর্মবিরতি পালন ও বিক্ষোভ করেন। কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দেওড়াছড়া বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সুবোধ কুর্মি, নাজির আহমদ, সঞ্জয় কানু, পলাশ কর্মকার, ছালু মিয়া, লক্ষি নারায়ণ, ইব্রাহিম মিয়া, সুভাষ ভৌমিজ, বাবু লাল ভৌমিজ, অজয় ভৌমিক, সেলিম মিয়া, জসিম মিয়া, বায়না মিয়া, সঞ্জয় কানু, শুকুর মিয়া প্রমুখ।
কর্মবিরতির খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কমলগঞ্জ থানার এসআই আমির হোসেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু দলই ভ্যালি সভাপতি ধনা বাউরী ও রহিমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার। আন্দোলনকারী চা শ্রমিকরা বলেন, টাকার অভাবে বিনা চিকিৎসায় রিয়া বেগম গত বুধবার রাতে মারা গেছেন। বাগান ব্যবস্থাপকের কাছ সহায়তা চাওয়া হলে সহায়তা মেলেনি। এজন্য বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতি দিয়ে বাগান ব্যবস্থাপকের পদত্যাগ চেয়ে বিক্ষোভ করে বাগানের শ্রমিকরা।
এ ব্যাপারে রহিমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার বলেন, বিষয়টি নিয়ে আমরা এখন আলোচনায় বসেছি। আলোচনার পর বোঝা যাবে শ্রমিকরা কাজে ফিরবেন, নাকি আন্দোলন করবেন। এ ব্যাপারে বক্তব্য জানতে দেওড়াছড়া চা-বাগানের ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল হকের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি তা ধরেননি।
এবি/টিএ