সালথায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
ছবি: সংগৃহীত
০৭:৪১ পিএম | ০২ এপ্রিল, ২০২৬
ফরিদপুরের সালথা উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের বাতাগ্রাম এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বাতাগ্রাম এলাকার হেমায়েত মাতুব্বর ও প্রতিপক্ষ মো. ফারুক মাতুব্বরের সমর্থক বাচ্চু চোকদারের মধ্যে জমিসংক্রান্ত বিরোধ চলছিল।
বৃহস্পতিবার দুপুরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিরোধপূর্ণ জমি মাপার মাধ্যমে সালিস করার উদ্যোগ নেন। কিন্তু জমি মাপার সময় উভয়পক্ষের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি ঘটে।
একপর্যায়ে উভয়পক্ষের প্রায় ২০০-৩০০ সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে স্থানীয় বাসিন্দা মেহেদী মুন্সী, মিন্টু মুন্সী, সেলিম মুন্সী, হালিম মীর, মান্দার শেখ, মিজা, সেলিম চোকদার ও আসাদ শেখের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।
হামলায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে আব্বাস মাতুব্বর, তমিজদ্দিন মাতুব্বর, আসাদ শেখ, রাজ্জাক শেখ, পিকুল মাতুব্বর, লিটন মীর ও আলিম মীরকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
এই বিষয়ে সালথা থানার ওসি (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিবেশ বর্তমানে শান্ত রয়েছে এবং অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এসএস/টিকে