এবার পারিশ্রমিক না নিয়েই কাজ করছেন সালমান?
ছবি: সংগৃহীত
০৭:৫৭ পিএম | ০২ এপ্রিল, ২০২৬
পরপর কয়েকটি ছবি প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় সালমান খানের নতুন কাজ ঘিরে বলিউডে আবারও শুরু হয়েছে নতুন আলোচনা। সাম্প্রতিক সময়ে তাঁর অভিনীত বড় বাজেটের কয়েকটি ছবি মুক্তির আগে দর্শকের আগ্রহ তৈরি করলেও প্রেক্ষাগৃহে গিয়ে আয় প্রত্যাশা পূরণ করতে পারেনি। সেই প্রেক্ষাপটে এবার নতুন ছবিতে তিনি নাকি আগাম পারিশ্রমিক ছাড়াই কাজ করতে রাজি হয়েছেন এমন খবরই ঘুরছে চলচ্চিত্রপাড়ায়।
এই মুহূর্তে সালমান ব্যস্ত তাঁর নতুন ছবি মাতৃভুমি এর কাজ নিয়ে। এরই মধ্যে আরেকটি নতুন প্রকল্প নিয়ে আলোচনা অনেক দূর এগিয়েছে বলে জানা যাচ্ছে। প্রযোজক দিল রাজুর এই নতুন ছবিতে সালমানকে দেখা যেতে পারে ভিন্ন ধরনের চুক্তিতে। জানা গেছে, ছবিটির জন্য তিনি শুরুতেই নির্দিষ্ট কোনো পারিশ্রমিক নিচ্ছেন না। বরং ছবির আয় কেমন হয়, তার ওপর নির্ভর করবে তাঁর প্রাপ্ত অর্থ।

চলচ্চিত্র-সংশ্লিষ্ট মহলে শোনা যাচ্ছে, এই ছবিতে সালমানের বিপরীতে থাকতে পারেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবু আলোচনায় রয়েছে যে ছবিটির জন্য নয়নতারা প্রায় ১০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। এতে স্বাভাবিকভাবেই তুলনা তৈরি হয়েছে একদিকে সলমন লাভের অংশীদার হওয়ার অপেক্ষায়, অন্যদিকে নয়নতারার নির্ধারিত পারিশ্রমিক।
সম্প্রতি সালমান সামাজিক মাধ্যমে পরিচালক বামসি পৈডিপল্লির সঙ্গে একটি ছবি প্রকাশ করেন। সেই ছবির সঙ্গে তিনি জানান, এপ্রিল থেকেই নতুন ছবির কাজ শুরু হচ্ছে। একই সঙ্গে সেখানে প্রযোজকের নামও উল্লেখ করেন। এরপর থেকেই ধারণা জোরালো হয়, নতুন এই প্রকল্পে বড় ধরনের চমক থাকতে পারে।
নয়নতারা এর আগে শাহরুখ খান এর সঙ্গে ‘জাওয়ান’ ছবিতে অভিনয় করে ব্যাপক আলোচনায় আসেন। সেই সাফল্যের পর এবার যদি সত্যিই সলমনের সঙ্গে তাঁর জুটি গড়ে ওঠে, তবে সেটি হতে পারে দর্শকদের জন্য নতুন আকর্ষণ।
অন্যদিকে সালমানের চলমান ছবি মাতৃভূমিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং। এর আগে সিকান্দার ছবিতে তাঁর সঙ্গে দেখা গেছে রাশমিকা মান্দানাকে। ফলে নতুন ছবির নায়িকা কে হচ্ছেন, সেটি নিয়েও দর্শকের কৌতূহল এখন তুঙ্গে।
পিআর/টিকে