চট্টগ্রামে ট্যাংকার জাহাজে অবৈধভাবে মজুত ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ
ছবি: সংগৃহীত
০৯:৩৯ পিএম | ০২ এপ্রিল, ২০২৬
চট্টগ্রামের কর্ণফুলি নদীর সদরঘাট এলাকায় এমটি কোরবান আলী নামে একটি ট্যাংকার জাহাজে অবৈধভাবে মজুত করে রাখা ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করেছে বন্দর ও কোস্টগার্ড কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শেষে এসব ডিজেল উদ্ধার করা হয়।
চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম বন্দরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোস্টগার্ডের সহায়তায় এই অভিযান চালায়। এসব নদীতে ভাসমান অবস্থায় থাকা এমটি কোরবান আলী নামে ট্যাংকারে ৩৭ হাজার লিটার ডিজেল পাওয়া যায়। ট্যাংকারের মালিক কর্তৃপক্ষ এসব ডিজেলের বিপরীতে প্রয়োজনীয় নথি দেখাতে পারেননি। তাই এসব ডিজেল জব্দ করা হয়েছে। পাশাপাশি এই বিষয় প্রয়োজনী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সম্প্রতি দেশব্যাপী জ্বালানি তেল মজুত বিষয়ে চট্টগ্রামেও অভিযান শুরু করেছে প্রশাসন। এর আগে জেলা প্রশাসন নগরীর পতেঙ্গা, বন্দর ও ফৌজদারহাট এলাকায় বিভিন্নভাবে মজুত করে রাখা বিপুল পরিমাণ ডিজেল জব্দ করেছিল।
এসএস/টিকে