রাঙামাটিতে লঞ্চের তলা ফেটে দুর্ঘটনা
ছবি: সংগৃহীত
০৯:৪২ পিএম | ০২ এপ্রিল, ২০২৬
রাঙামাটিতে কাপ্তাই হ্রদে পানির নিচে থাকা গাছের গুঁড়িতে ধাক্কা লেগে একটি যাত্রীবাহী লঞ্চের তলা ফেটে দুর্ঘটনা ঘটেছে। এতে লঞ্চে পানি ঢুকতে শুরু করলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে জুরাছড়ি উপজেলা থেকে রাঙামাটি শহরগামী লঞ্চ এলএম নাছিমা অর্ধশতাধিক যাত্রী নিয়ে যাত্রা শুরু করে। যাত্রাপথে দুপুর আনুমানিক আড়াইটার দিকে "রাস্তার মাথা" নামক স্থানে পানির নিচে থাকা গাছের গুঁড়ির সঙ্গে লঞ্চটির ধাক্কা লাগে। এতে লঞ্চের তলা ফেটে যায় এবং ভেতরে পানি প্রবেশ করতে শুরু করে।
পরিস্থিতি বুঝতে পেরে লঞ্চচালক দ্রুত লঞ্চটি নিকটস্থ নিরাপদ স্থানে ভিড়ান এবং যাত্রীরা নিরাপদে নেমে পড়েন। পরে যাত্রীরা বিকল্প নৌযানে করে রাঙামাটি শহরে পৌঁছান। লঞ্চের এক যাত্রী মফিজুর রহমান রাঙামাটিতে পৌঁছে দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে লঞ্চ মালিক সমিতির সভাপতি মঈন উদ্দীন সেলিম জানান, লঞ্চটিতে প্রায় অর্ধশতাধিক যাত্রী ছিলেন। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলে তিনি নিশ্চিত করেন।
এসএস/টিকে