ভোলায় ২ হাজার লিটার জ্বালানি তেলসহ আটক ২
ছবি: সংগৃহীত
১১:৪৪ পিএম | ০২ এপ্রিল, ২০২৬
ভোলায় প্রায় ২ হাজার লিটার জ্বালানি তেলসহ দুই চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে সদর উপজেলার ভেদুরিয়া ফেরিঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন ভেদুরিয়া ফেরিঘাট এলাকার মো. হাকিম উদ্দিন এবং উত্তর চর ভেদুরিয়া গ্রামের মো. নাইম। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড ভোলা বেইস বিকেল ৫টার দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি স্টিল বডির ট্রলারে অবৈধভাবে পরিবহনকালে প্রায় দুই লাখ টাকা মূল্যের ২ হাজার লিটার ডিজেল জব্দ করা হয় এবং দুইজনকে আটক করা হয়।
পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে জব্দ করা তেল এ. রহমান অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে বাজারমূল্যে বিক্রি করা হয়। পাশাপাশি আটক ব্যক্তিদের কাছ থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করে ট্রলারসহ তাদের ছেড়ে দেওয়া হয়।
তেল বিক্রি ও জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। কোস্ট গার্ড জানিয়েছে, দেশের জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরআই/টিকে