ডিএমপি তেজগাঁও বিভাগের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৪১
ছবি: সংগৃহীত
০৪:০৪ এএম | ০৩ এপ্রিল, ২০২৬
রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তেজগাঁও বিভাগ। বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) দিনব্যাপী তেজগাঁও বিভাগের আওতাধীন ছয়টি থানা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
ডিএমপি তেজগাঁও বিভাগ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত ও তদন্তাধীন মামলার আসামি, মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চোর, সন্ত্রাসী এবং ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন অপরাধে জড়িত চিহ্নিত ও অভ্যাসগত অপরাধী রয়েছে।
থানাসূত্রে জানা যায়, তেজগাঁও থানায় অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে, শেরেবাংলা নগর থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়েছে ৪ জনকে।
এছাড়া মোহাম্মদপুর থানায় অভিযান চালিয়ে ১২ জনকে, আদাবর থানায় ১০ জন এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পাশাপাশি হাতিরঝিল থানায় অভিযান চালিয়ে আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি বলেন,রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরআই/টিকে